ঝালকাঠিতে টানা দিনের বৃষ্টিতে আমন ও খেসারি ডালের ক্ষতি, লোকসানের শঙ্কা

২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ AM
আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে

আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে © টিডিসি

ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ঝালকাঠিতে আমন ধান ও খেসারি ডালের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ও আধাপাকা আমন ধান জমিতে হেলে পড়েছে, আর অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে নষ্ট হয়েছে খেসারি ডালের বীজ ও চারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৮ হাজার ১৪৮ হেক্টর জমির আমন ধান ও ১ হাজার ৫২৮ হেক্টর জমির খেসারি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠে পাকা ও আধা পাকা আমন ধানের গাছ মাটিতে হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে জমে থাকা পানিতে ডুবে রয়েছে ধানগাছ। কৃষকের সারা বছরের পরিশ্রমে ফলানো ধান এমন অবস্থায় পড়ায় ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টি ও বাতাসে ধানগাছ নুয়ে পড়ায় ফলন কমে যাওয়ার পাশাপাশি ধান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তারা।

কৃষকদের ভাষ্য, বৃষ্টি ও দমকা বাতাসে ধানগাছ হেলে পড়লেও আপাতত বড় ধরনের ক্ষতি নাও হতে পারে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জমিতে পানি জমে ধানগাছ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ধানের গুণগত মান ও ফলন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জমিতে পড়ে থাকা ধান কাটতে ও ঘরে তুলতেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে। আমন ধানের পাশাপাশি খেসারি ডালের আবাদ নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। আমন ধান কাটার আগমুহূর্তে জমিতে খেসারি ডালের বীজ বপন করেন তারা। কার্তিক মাসজুড়েই চলে এই ডাল বপনের উপযুক্ত সময়। কিন্তু অসময়ের ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার খেসারি ডালের জমিতে পানি জমে বীজ ও চারা নষ্ট হয়েছে।

অনেক কৃষককে একই জমিতে দ্বিতীয়বারের মতো বীজ বপনের প্রস্তুতি নিতে হচ্ছে। এতে বাড়তি বীজ ও শ্রমিক খরচের পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের মতে, সময়মতো খেসারি ডালের বীজ বপন করতে না পারলে ফলনেও প্রভাব পড়তে পারে। একদিকে আমন ধানের ক্ষতির শঙ্কা, অন্যদিকে খেসারি ডালের জমিতে নতুন করে বীজ বপন—সব মিলিয়ে মৌসুমের শুরুতেই আর্থিক চাপের মুখে পড়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবেও উঠে এসেছে এই পরিস্থিতির ভয়াবহতা। দপ্তরের তথ্য অনুযায়ী, ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে রোপা ও উফশী আমনের মোট আবাদ হয়েছে ৪৬ হাজার ৭৭৪ হেক্টর জমিতে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ৮ হাজার ১৪৮ হেক্টর জমির পাকা ও আধাপাকা আমন ধান হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে জেলায় ২ হাজার ৭৮৯ হেক্টর জমিতে খেসারি ডালের আবাদ হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির কারণে জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৫২৮ হেক্টর জমির খেসারি ডাল। এছাড়া ১ হাজার ৬৮ হেক্টর জমিতে আবাদ করা মৌসুমি সবজির মধ্যে ৩৪০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে সরিষা, মসুর ডাল, ধনিয়া, মরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজিরও ক্ষতি হয়েছে।

কৃষিনির্ভর ঝালকাঠির গ্রামীণ অর্থনীতিতে আমন ধান ও খেসারি ডালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এসব ফসলের ক্ষতি কৃষকের ব্যক্তিগত লোকসানের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়া এবং আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

খেসারি চাষি মশিউর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে ৮০ কেজি খেসারির বীজ বপন করেছিলাম। কিন্তু টানা পাঁচ দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে সব বীজ ও চারা পচে নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে বীজ বপন করতে হবে। এতে আগের খরচের পাশাপাশি বাড়তি খরচও গুনতে হবে। সব মিলিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।’

আমন ধান চাষি গোবিন্দ মন্ডল বলেন, ‘টানা পাঁচ দিনের বৃষ্টি ও দমকা বাতাসে জমির প্রায় সব আমন ধান হেলে পড়েছে। ধান পাকার এই সময়ে এমন বৃষ্টি ও বাতাসে আমরা খুব বিপদে পড়েছি। এখন ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। বৃষ্টি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।’

কৃষক আব্দুর রহিম বেপারি বলেন, ‘আমার জমিতে লালশাক, ধনিয়াপাতা, মুলাশাকসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ ছিল। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে সবজি পচে নষ্ট হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকারও বেশি ক্ষতি হয়েছে। এখন এসব ক্ষতি কীভাবে পুষিয়ে নেব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) যুথিকা পাল জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা বাতাসে জেলার বিভিন্ন এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের তদারকি শেষে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।

কিউআর কোড কীভাবে কাজ করে, কেন বাড়ছে জনপ্রিয়তা—ব্যবহারে যে স…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে ভর্তির…
  • ২৪ নভেম্বর ২০২৬
অভিনেতা সোহেল খান আর নেই
  • ২৪ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আ.লীগ সম্পৃক্ততার অভিযোগে বিএল কলেজের শিক্ষক থেকে ভ…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে টানা দিনের বৃষ্টিতে আমন ও খেসারি ডালের ক্ষতি, লোক…
  • ২৪ নভেম্বর ২০২৬
‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে …
  • ২৪ নভেম্বর ২০২৬