গ্রেপ্তার তিনজন © সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকে একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তারকৃত হলেন হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম প্রকাশ রানা মেম্বার (৩৬), হারুন অর রশিদের ছেলে শরীফুল ইসলাম প্রকাশ রিয়াজ (২৬) এবং বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (৪৩)।
পুলিশ জানায়, শহিদুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, শরীফুল ইসলাম ছাত্রলীগ নেতা এবং শিমুল চন্দ্র দাস বারইয়ারহাট পৌর যুবলীগ নেতা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সোমবার ভোর থেকে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে। একই দিন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।