সহকারী শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার © সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফেসবুকে একটি ভিডিওতে লাইক দেওয়ার অভিযোগে মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদারকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষক মামুন অর রশিদ তালুকদারকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। তিনি বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক। তার ইনডেক্স নম্বর ঘ-১১১৮০২৮।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ভোলা মিশন’ নামের একটি পেজে ‘সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান’ ও ‘খেলা জমে গেছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। অভিযোগ, ওই ভিডিওতে লাইক দেন শিক্ষক মামুন অর রশিদ তালুকদার। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে শিক্ষককে বরখাস্তের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেসবুক পোস্টে লাইক দেওয়ার অপরাধে মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদারকে বরখাস্ত করা অত্যন্ত দুঃখজনক। তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
লিখিত জবাবে শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার বলেন, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডির নিউজফিড স্ক্রল করার সময় অসাবধানতাবশত একটি ভিডিওতে তার আঙুলের ডাবল ট্যাপ পড়ে যায়। এতে অনিচ্ছাকৃতভাবে ভিডিওটিতে লাইক রিঅ্যাক্ট হয়ে যায়। কিছুক্ষণ পর একজন শুভাকাঙ্ক্ষী মেসেঞ্জারে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে ওই ভিডিওতে ফিরে গিয়ে লাইকটি সরিয়ে দেন। পরদিন, ১০ আগস্ট, নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যাও করেন।
মামুন অর রশিদ তালুকদার লিখিত জবাবে আরও বলেন, আমার দুর্ভাগ্য যে, ওই সামান্য সময়ের মধ্যেই কে বা কারা আমার লাইক রিঅ্যাক্টযুক্ত ভিডিওটির স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। পরবর্তীতে ১২ আগস্ট মঠবাড়িয়ার একটি অনলাইন পোর্টালে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
তিনি দাবি করেন, ঘটনাটি তার ইচ্ছাকৃত কোনো ভুল বা অপরাধ নয়; বরং সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অসাবধানতাজনিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দেন। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করার জন্য আপনার একান্ত মর্জি কামনা করছি।