কর্মী ধরে রাখতে হিমশিম ছাত্রদল, এগোচ্ছে নতুন কৌশলে

৩১ আগস্ট ২০২০, ১০:১৮ AM

শিক্ষাপ্রতিষ্ঠানে অনেকদিন ধরে সহাবস্থান নিশ্চিত করতে না পারাসহ বিভিন্ন কারণে কর্মী ধরে রাখতে হিমশিমে পড়েছে ছাত্রলীগের নেতারা। ক্যাম্পাসে অবস্থান না থাকায় বাইরে থেকেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল। এই পরিস্থিতিতে তৃণমূল থেকে নেতৃত্ব তৈরির লক্ষ্যে দলের হাই কমান্ডের নেতৃত্বে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর নতুন কৌশলে সংগঠনকে গতিশীল করার জন্য মাঠে নেমেছে জানান সংশ্লিষ্টরা।

এদিকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি না দেওয়া, ইউনিট নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বয়সের পার্থক্য, ছাত্রলীগের হামলা ও বিভিন্ন ঘটনায় মামলাসহ নানা কারণে সংগঠনটির কর্মীর সংখ্যা কমছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমানে সংগঠনটিতে যেসব কর্মী রয়েছেন, তাদের ধরে রাখতেও নেতারা হিমশিম খাচ্ছেন বলে জানান কর্মীরা।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেও হলগুলোতে অবস্থান নেই ছাত্রদলের। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গত বছর থেকে মধুর ক্যান্টিনে ছাত্রদল কর্মীদের আসা শুরু হয়। তখন থেকে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও পালন করছেন তারা। তবে কর্মসূচি পালন করতে গিয়ে তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের বাধার সম্মুখীন হচ্ছেন।

তবে কর্মী কমার মূলে নেতারা যে কারণ চিহ্নিত করেছেন, তা হলো দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে হলের নিয়ন্ত্রণ না থাকা। অভিযোগ রয়েছে, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলে রাখে। বর্তমান সময়ে হলগুলো ছাত্রলীগের দখলে রয়েছে। অন্য সময় ছাত্রদলের দখলে থাকে।’ এ ধারাবাহিকতায় বর্তমানে হলগুলোতে অবস্থান নেই ছাত্রদলের। যে কারণে ক্যাম্পাসের বাইরে থেকে সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে ছাত্রদলকে। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সংগঠনটির।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর হলে থাকতে শিক্ষার্থীদের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সদস্য হয়ে থাকতে হয়। ছাত্রদল করলে হল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ কারণে অনেকে চাইলেও ছাত্রদল করতে পারে না বলে মনে করছেন সংগঠনটির নেতারা।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছাত্রদলের একই অবস্থা। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে তিন-চারবার হামলার শিকার হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইবার ছাত্রলীগের হামলার শিকার হয় ছাত্রদল। এছাড়া, ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজে সাংগঠনিক কোনও কার্যক্রম নেই তাদের। শুধু সরকারি বাঙলা কলেজে সীমিত আকারে তাদের কার্যক্রম রয়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে নতুন কৌশলে সংগঠনকে শক্তিশালী করতে কাজ চালাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। জানা গেছে, তৃণমূল থেকে নেতৃত্ব তৈরির লক্ষ্যে দলের হাই কমান্ডের নেতৃত্বে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের ওপর জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পুরো দেশের জন্য ১০টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। টিমের মাধ্যমে দেশের সব ইউনিটে কমিটি গঠন করার কথা বলছে ছাত্রদল।

ফজলুর রহমান খোকন বলেন, ‘ক্যাম্পাসে সহাবস্থান না থাকায় দলের কর্মীর সংখ্যা কমছে। এখন যারা আছে, তাদের ধরে রাখতেও বেগ পেতে হচ্ছে।’ তবে এ অবস্থা কাটিয়ে উঠতে সাংগঠনিক তৎপরতা চলছে বলে জানান তিনি।

টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬