সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তি © টিডিসি সম্পাদিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের ২৫তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক দেবকে ভুয়া পুলিশ পরিচয়ে জিম্মি করে নগরীর বিভিন্ন স্থানে ঘোরানো এবং পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
অভিযোগপত্র অনুযায়ী, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সপ্তক দেবকে জিম্মি করেন। পরে তাকে নগরীর বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ওই ব্যক্তি সপ্তকের পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। পরে পরিবারের সদস্যরা দাবীকৃত টাকা পাঠাতে বাধ্য হন। অভিযোগ অনুযায়ী, ওই টাকা নগরীর বয়রা এলাকার একটি রকেট এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা হয়। এ ছাড়া সপ্তকের কাছে থাকা ৫০০ টাকা নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে সংগৃহীত সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির পেছনে ওই শিক্ষার্থীকে হেঁটে যেতে দেখা গেছে। ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। তবে শুধু ছবির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ছবির মাধ্যমে তাকে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।