প্রতিপক্ষের হামলায় কবজি বিচ্ছিন্ন ছাত্রলীগ নেতার

১৯ আগস্ট ২০২০, ০৮:২৭ AM

© সংগৃহীত

প্রতিপক্ষের কোপে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভ শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে। শুভ শীল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ মিঠাখালী গ্রামের শ্যামল শীলের ছেলে।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। অপর পক্ষের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান। তার অনুসারী শুভ শীল।

মঙ্গলবার রাতে শুভ শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে স্থানীয় ওয়াবিয়া দাখিল মাদ্রাসার এলাকায় ওত পেতে থাকা ১০-১৫ জন শুভ শীলের ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কবজি কেটে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে স্থানীয় লোকজন শুভর বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফেরদৌস ইসলাম বলেন, শুভর ডান হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় নিয়ে আসা হয়। হাতে ধারালো অস্ত্রের আঘাতের জখম ছিল। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান বলেন, শুভ শীলের ওপর হামলায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাদী, কর্মী তৌফিক ও তানভীর মল্লিক নেতৃত্ব দেন। এঁরা সবাই সভাপতি শরিফুল ইসলামের অনুসারী।

তবে শরিফুল ইসলাম বলেন, শুভর সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তির বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। এটাকে রাজনৈতিক বিরোধ হিসেবে প্রমাণ করতে চাচ্ছে একটি মহল। এ ঘটনার পর তারা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের বাসভবনে হামলা করে এবং গাড়িতে আঘাত করে।

রফিউদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য আমার বাড়িতে হামলা করে। পুলিশ তাদের বাধা দেয়। আমি শুভর ওপর হামলার নিন্দা জানাই এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬