চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্রদল নেতা শিশির মাহমুদ © টিডিসি সম্পাদিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের জায়গা দখল করে প্রশাসনের অনুমতি ছাড়াই দোকান স্থাপনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। হল প্রশাসন থেকে দোকানটি সরিয়ে নিতে বলা হলেও কোনো কাজ হয়নি। এতে হলের সৌন্দর্য বিনষ্ট এবং চলাচলে রাস্তা সংকুচিত হওয়ায় ক্ষুব্ধ আবাসিক শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হলের পশ্চিম গেটের দেয়াল ঘেঁষে হলের জায়গা দখল করে এ দোকান স্থাপন করেছেন শিশির মাহমুদ নামের এক ছাত্রদল নেতা। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিতর্ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দোকান দেওয়ার জন্য অন্যত্র জায়গা থাকতে হলের ডাইনিংয়ের প্রবেশপথ এবং দেয়াল ঘেঁষে তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া হলের পশ্চিম লাইনে রোপণ করা গাছের ঠিক মাঝখানে দোকানটি স্থাপন করায় হলের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। কারও ব্যক্তিগত স্বার্থে হলের পরিবেশ নষ্ট করার অধিকার নেই বলে জানান শিক্ষার্থীরা।
আবাসিক হলের জমি দখল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ছাড়া দোকান পরিচালনা করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে ছাত্রদল নেতা শিশির মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলব।
জানতে চাইলে শহিদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে দোকান স্থাপনের বিষয়টি সরিয়ে ফেলতে বলেছি, কিন্তু তিনি এখনও সরিয়ে নেননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনকে অবগত করেছি।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, ‘ছেলেটা যেখানে দোকান বসিয়েছে, সেটি অবৈধ। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা কালকেই দোকানটি উচ্ছেদ করার জন্য লোক পাঠাব। এটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে, তাই আমরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেব।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি, তাকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে আমি প্রক্টর অফিস থেকে একজনকে দায়িত্ব দিয়েছি। অবৈধভাবে এখানে দোকান রাখার অধিকার কারোরই নেই।