দু’সপ্তাহে ৮ বিশ্ববিদ্যালয়-মেডিকেলে সংঘাত-অস্থিরতা, ৫টিতে জড়িয়েছে ছাত্রদল

উদ্বেগ বাড়াচ্ছে পুরোনো ধাঁচের ছাত্র রাজনীতি

 

২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ PM
গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে

গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে © টিডিসি সম্পাদিত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এক সময় ছাত্ররাজনীতির আড়ালে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হল দখল ও নানা অনৈতিক কর্মকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর এ ধারা বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদলের আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির সেই পুরোনো ধারা আবারও দৃশ্যমান হচ্ছে।

গত দুই সপ্তাহে দেশের অন্তত আটটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও কলেজে সংঘর্ষ, হামলা, প্রশাসনিক অচলাবস্থা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ বাড়ছে শিক্ষাঙ্গনে। শিক্ষার্থীর পায়ের গোড়ালি কেটে যাওয়ার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালে গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষের সূত্রপাত হয় একটি গ্রাফিতিতে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ লেখার অংশ পরিবর্তনকে কেন্দ্র করে। 

অভিযোগ রয়েছে, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ছাত্রশিবিরের দেয়াল লিখনে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখা হয়; যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ হেলমেট, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ছাত্রদলের ইসমাইল হোসেন ভূঁইয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ছাত্রশিবিরের আশরাফ হোসেনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কলেজের অভ্যন্তরীণ ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়, যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ ক্যাম্পাস প্রত্যাশা করে। এই অবস্থায় যারাই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা সাধারণ ছাত্রদের কাছে নিজেদের জনপ্রিয়তা হারাবে।—অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান, রাজনীতি বিশেষজ্ঞ

শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রাবাসে বাইকে তেল ভরানো নিয়ে শুরু হওয়া বিরোধ থেকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুর গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং নাফিউল ইসলামকে আটক করে। ঘটনার পর কলেজে সাত দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত ও ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় কেন্দ্রীয়ভাবে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ থেকে এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাকে ১২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও গত ৮ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, জরুরি বিভাগে প্রবেশ করে একদল শিক্ষার্থী প্রথমে ট্রেইনি চিকিৎসক ডা. মহসিনের ওপর হামলা চালান। এ ঘটনায় অমর একুশে হল ছাত্রদল নেতা নূরুল আমিন তায়েবসহ কয়েকজনের নাম সামনে আসে। তবে অভিযুক্তরা দাবি করেছেন, আংশিক ফুটেজ প্রকাশ করে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে এবং তাদের ওপর হামলার দৃশ্য দেখানো হয়নি। জানা যায় ঘটনার সূত্রপাত হয় এক ছাত্রদল নেতার অসুস্থতা ও ইনজেকশন প্রেসক্রিপশন নিয়ে বিরোধ থেকে।

04_3
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ড. কুদরত-ই-খুদা হোস্টেলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর ‘গেস্টরুম’ নামে মানসিক হয়রানি ও র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। এটি ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রথম এমন ঘটনা হিসেবে সামনে এসেছে।

অভিযোগ অনুযায়ী, কয়েকদিন ধরে রাতভর নবীন শিক্ষার্থীদের বসিয়ে রাখা, জোরপূর্বক ‘ম্যানার শেখানো’, আপত্তিকর মন্তব্য এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, এতে তারা মানসিকভাবে চাপে রয়েছেন।

অভিযুক্তদের কেউ কেউ পরিচিতিমূলক কার্যক্রমের কথা স্বীকার করলেও র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ অবগত নয় বলে জানিয়েছে, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ছাত্রদল নেতা মো. আলা উদ্দিনকে বিশেষ বিবেচনায় হলে সিট দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও বিশেষ বিবেচনায় দেওয়া এই তালিকায় আরও কিছু  ছাত্রদল নেতা রয়েছেন বলে জানা যাচ্ছে।

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। এ সময় তারা প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত সমাধান না হলে ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। 

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে প্যারিস রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাসান অভিযোগ করেন, পূর্বের বিরোধের জেরে তাকে হুমকি দিয়ে পরে হামলা চালানো হয়। যদিও অভিযুক্ত এ অভিযোগ অস্বীকার করেছেন। প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সামান্য বিষয় নিয়েও দেশীয় অস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া করা, হামলা চালানো, শারীরিকভাবে জখম করা কিংবা ক্যাম্পাসে অবস্থান করতে না দেওয়ার মতো ঘটনা ঘটছে।— ড. তৌহিদুল হক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বহিরাগত মাদকাসক্তের ছুরিকাঘাতে মারুফ হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত কাউসার আহমেদকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও বহিরাগত প্রবেশের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি জটিলতাকে কেন্দ্র করে চলমান কর্মবিরতিতে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের শঙ্কা বাড়িয়েছে। শিক্ষক সংকট, প্রশাসনিক জটিলতা ও ইউজিসির নির্দেশনা ঘিরে এ অচলাবস্থা তৈরি হয়েছে। একইসঙ্গে পদোন্নতি ইস্যুতে ৩৫ জন কর্মকর্তা হাইকোর্টে রিট দায়ের করেছেন।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়ে রাখার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা এটিকে ধর্মীয় অধিকার ও মানসিক আশ্রয়ের জায়গা হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধান দাবি করেছেন। প্রশাসন জানিয়েছে, জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময় ছাড়া মসজিদ খোলা রাখা হবে না।

সাম্প্রতিক এসব ঘটনায় শিক্ষাঙ্গনে আবারও পুরোনো ধাঁচের ছাত্ররাজনীতির প্রভাব, সহিংসতা ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৪ সালের পর যে জনআকাঙ্ক্ষাকে কেন্দ্র করে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার অন্যতম ছিল রাজনৈতিক সহিংসতা পরিহার করে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে অগণতান্ত্রিক ও নির্দেশমূলক মনোভাব পরিহার করে সব দল-মতের শিক্ষার্থীদের সহাবস্থানের একটি পরিবেশ তৈরি করার প্রত্যাশা ছিল।

036
রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

তিনি বলেন, সেই প্রেক্ষাপটে একটি উপলব্ধি তৈরি হয়েছিল, রাজনৈতিক সংঘাত ও সহিংসতার অবসান ঘটবে এবং ক্যাম্পাসে যেকোনো বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হবে। কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন ক্ষেত্রে পুরোনো সহিংস ধারার উপস্থিতি দেখা যাচ্ছে। সামান্য বিষয় নিয়েও দেশীয় অস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া করা, হামলা চালানো, শারীরিকভাবে জখম করা কিংবা ক্যাম্পাসে অবস্থান করতে না দেওয়ার মতো ঘটনা ঘটছে।

ড. তৌহিদুল হক আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে জোরপূর্বক রাজনীতির এই চর্চা বন্ধ করা না গেলে জাতীয় পর্যায়ের রাজনীতিও কখনো সংঘাতমুক্ত হবে না। যদিও বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে, তবে দেশের বাস্তবতায় জাতীয় পর্যায়ের রাজনীতিতে নেতৃত্ব গড়ে ওঠার একটি বড় ক্ষেত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই জায়গাটি যদি সহিংসতা, বিদ্বেষ ও অগণতান্ত্রিক চর্চায় পূর্ণ থাকে, তাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়বে এটি একটি মৌলিক প্রশ্ন হিসেবে দেখা দেয়।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা এমন এক ছাত্ররাজনীতি চাই, যেখানে শিক্ষার্থীরা দেশের মানুষের অধিকার ও নাগরিক সমস্যা নিয়ে কথা বলবে এবং নীতি-নির্ধারণী বিষয়ে ভূমিকা রাখবে। কিন্তু চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষসহ সাম্প্রতিক পরিসংখ্যানগুলো সামনে আসছে, তা ছাত্ররাজনীতির জন্য চরম হুমকিস্বরূপ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাঙ্গন যদি এভাবে উত্তপ্ত থাকে, তবে শিক্ষার পরিবেশ সম্পূর্ণ বিনষ্ট হবে। ছাত্রদল বা শিবিরের মতো সংগঠনগুলোর মধ্যকার এই সহিংসতা ও সংঘর্ষের কারণে যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তবে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার কোনো পরিবেশ থাকবে না। এটি সাধারণ নাগরিকদের জন্যও অনিরাপত্তার একটি বড় কারণ। তাই আমরা ছাত্রদল, শিবিরসহ সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাব—আপনারা সহনশীল আচরণ করুন, যাতে বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো ক্যাম্পাসই আর রক্তাক্ত বা অস্থির না হয়।

বিগত ১৫ বছর শিবিরকে পরিচয় দেওয়ার সুযোগটুকুও দেওয়া হয়নি, এমনকি শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীকে হত্যা ও নির্যাতন করা হয়েছে। জুলাই বিপ্লবের পর যারা শিবিরের রাজনীতিকে গুপ্ত বলে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা জরুরি।জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী শিবির

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত দুই সপ্তাহে আটটি ক্যাম্পাসে সংঘর্ষের যে চিত্র আমরা দেখেছি, তা আমাদের সেই পুরনো সহিংস ছাত্ররাজনীতির দিকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা যে গুণগত পরিবর্তনের লড়াই করেছি, বর্তমানের এই আধিপত্য ও সংঘাত তার পরিপন্থী। ছাত্রসংগঠনগুলো যদি এই ধারা অব্যাহত রাখে, তবে খুব শীঘ্রই সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি উঠবে।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে ‘গুপ্ত রাজনীতি’ বা অস্ত্রের রাজনীতির কোনো স্থান নেই। পরিস্থিতি উত্তরণকল্পে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ (ডাকসু, চাকসু ইত্যাদি) সচল করা এবং পারস্পরিক শ্রদ্ধাশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায়, চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এবং অভিভাবকরা চরমভাবে হতাশ হবেন।’

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্বাধীনতার পর থেকেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের অপসংস্কৃতি আমরা দেখেছি, যার চূড়ান্ত রূপ ছিল গত ১৫ বছরের ছাত্রলীগ। বর্তমানে বিএনপি ক্ষমতায় আসায় ছাত্রদল আবারও সেই পুরনো আধিপত্য বিস্তার ও নিজেদের দখলদারিত্ব কায়েমের চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চাহিদাকে তোয়াক্কা না করে আধিপত্য ফেরানোর এই মানসিকতা থেকেই ক্যাম্পাসগুলোতে বারবার সংঘর্ষের সৃষ্টি হচ্ছে।’

আরও পড়ুন: বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

তিনি বলেন, ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ছাত্রদলকে তাদের দীর্ঘদিনের পুরনো কমিটি ও অছাত্রদের নেতৃত্বের বলয় থেকে বেরিয়ে আসতে হবে। সব সংগঠনকে সহনশীল ও দায়িত্বশীল হতে হবে। আর ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি’র যে অভিযোগ তোলা হচ্ছে, তা রাজনৈতিকভাবে অন্ধ ও অবিবেচকদের দাবি। বিগত ১৫ বছর শিবিরকে পরিচয় দেওয়ার সুযোগটুকুও দেওয়া হয়নি, এমনকি শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীকে হত্যা ও নির্যাতন করা হয়েছে। জুলাই বিপ্লবের পর যারা শিবিরের রাজনীতিকে গুপ্ত বলে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা জরুরি।’

রাজনীতি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ ক্যাম্পাস প্রত্যাশা করে। এই অবস্থায় যারাই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা সাধারণ ছাত্রদের কাছে নিজেদের জনপ্রিয়তা হারাবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর যদি ছাত্র সংগঠনগুলো আবারও পুরোনো ধাঁচের দ্বন্দ্ব-সংঘাত ও বিশৃঙ্খলায় লিপ্ত হয়, তবে তা ছাত্রসমাজ ও অভিভাবকদের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা দেবে। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক ব্যবস্থায় নিজেদের মর্যাদা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে যেকোনো ধরনের সংঘাত থেকে তাদের দূরে থাকা জরুরি।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও বিচক্ষণ ও তৎপর হতে হবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির বিষয়ে প্রশাসনকে অত্যন্ত যত্নশীল হতে হবে এবং নিয়মিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। বিশেষ করে যারা প্রাধ্যক্ষ (প্রভোস্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসের পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ অনেকাংশেই কমে আসবে।’

এ বিষয়ে বক্তব্য জানার জন্য ছাত্রদলের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাবেক ও বর্তমান শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9