৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

রাজু ভাস্কর্যের রাজু—কে এই ছাত্র ইউনিয়ন নেতা, কীভাবে শহীদ হয়েছিলেন

১৩ মার্চ ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৪:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্য © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্য। যেকোনো আন্দোলন মানেই যেন এই ভাস্কর্যের পাদদেশে দাঁড়াতে হবে। পথচারী তো বটেই, এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই পর্যন্ত এ ভাস্কর্যের ইতিহাস জানে না। অনেকে মনে করে, এটি মুক্তিযুদ্ধের আন্দোলনের একটি স্মারক। কিন্তু এই ভাস্কর্যর আসল ইতিহাসটি প্রজন্মের অধিকাংশ মানুষই জানে না। জানতে চায়ও না। ইতিহাস-বিস্মৃত এই জাতির কাছে অবশ্য এর বেশি কিছু আশা করাটাও ভুল!

১৯৯২ সালের ১৩ মার্চ। তৎকালীন প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাসবিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীরা গুলি করলে মিছিলের নেতৃত্বদানকারী ছাত্র ইউনিয়নের নেতা রাজু শহীদ হন। পরবর্তীতে রাজুসহ সন্ত্রাস বিরোধী আন্দোলনের সকল শহীদের স্মরণে নির্মিত হয় এই ভাস্কর্যটি।

রাজু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলছিল। সেই আন্দোলনে রাজু সক্রিয় ছিলেন। তিনি যখন শহীদ হন, তখন ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজকল্যাণ সম্পাদক। পাশাপাশি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন তিনি।

১৯৮৭ সালে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হয়েছিলেন রাজু। উঠেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে। তার পুরো নাম মঈন হোসেন রাজু। সে সময় বুকভরা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন রাজু। সুন্দর জীবনের স্বপ্ন, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার, সমাজটাকে বদলে দেবার স্বপ্ন! কিছুটা একরোখা, জেদি অথচ আশ্চর্যরকম সরল রাজু ছিল সেই স্বপ্নবানদের একজন, বলা যায় মধ্যমণি। সকলের প্রিয়। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন যারা করত তারা মোটামুটি একই রকম হলেও রাজু ছিল একটু আলাদা। সে ছিল অন্য সবার চেয়ে শান্ত কিন্তু দৃঢ়।

রাজুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

রাজুর নিয়মানুবর্তিতা ছিল চোখে পড়ার মতো। ক্লাস-পড়া-সংগঠনের কাজ সব কিছুতেই সে ছিল কর্তব্যনিষ্ঠ। সব কিছু ম্যানেজ করে চলত। তবে কিছুটা ব্যত্যয় ঘটত পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যাপারে। তখন রাজুর বাসা ছিল রাজধানীর শ্যামলীতে, যেখানে তার মা, বড় ভাই ও বোন থাকতেন। এই পরিবারের স্নেহধন্য জেদি ছেলে রাজুকে তাই পরিবারের টানে ও মায়ের অনুরোধে নিয়মিত বাসায় যেতে হতো। রাজু বাসায় যেত ঠিক, কিন্তু আবার ফিরেও আসত। ওর মন জুড়ে ছিল ক্যাম্পাস, বন্ধু-বান্ধব, সংগঠন, ছাত্রদের দাবি-দাওয়া-আন্দোলন। তাই তো বাসার চেয়ে ক্যাম্পাসে (শহীদুল্লাহ হলের ১২২ নম্বর রুমে, যেখানে তার সিট বরাদ্দ) তাকে বেশি দেখা যেত।

কাকতালীয়ভাবে শুক্রবার ছিল সেদিনও, রমজান মাসও। ১৯৯২ সালের ১৩ মার্চ। রাজুসহ কয়েকজন ছাত্র ইউনিয়নের উদ্যোগে পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিয়ে কথা বলছিল সবুজ চত্বরে। হঠাৎই বন্দুকযুদ্ধে অবতীর্ণ হয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। টিএসসিতে জিম্মি হয়ে পড়ে শত শত সাধারণ শিক্ষার্থী। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল স্রেফ দর্শকের।

পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই প্রথম সোচ্চার হয় রাজু। কর্তব্যরত পুলিশ অফিসারকে অস্ত্রবাজদের গ্রেপ্তার করার আহ্বান জানান তিনি। ক্ষোভ ও প্রতিবাদের মুখে পুলিশ ভূমিকা পালন করে বটে, কিন্তু সেটা ক্ষমতাসীন দলের সমর্থক কর্মীদের প্রটেকশন দেওয়ার কাজে। অন্যদিকে বিপরীতে থাকা নেতাদের দিকে টিয়ারগ্যাস নিক্ষেপ করে; যা ক্রমেই বিস্তৃত হয় পুরো টিএসসিতে। অসংখ্য ছাত্রছাত্রী অবরুদ্ধ হয়ে পড়েন।

শহীদ রাজু

এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে রাজুরা। মিছিলে শরিক হন ‘গণতান্ত্রিক ছাত্র ঐক্যভুক্ত’ বাম ছাত্রসংগঠনের কর্মীরা। টিএসসির সড়কদ্বীপ প্রদক্ষিণ করার সময় ডাসের সামনে ‘অস্ত্র শিক্ষা একসাথে চলবে না’, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজ এক হও’- এ স্লোগান যখন উচ্চারণ হচ্ছিল, তখন হাকিম চত্বরের সামনে থেকে একঝাঁক বুলেট মিছিল লক্ষ্য করে ছুটে আসে। এর একটি গুলি কপালে লাগে তার।

স্লোগান মুখে নিয়েই সে লুটিয়ে পড়ে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে সড়ক দ্বীপের পাশের রাস্তায়। মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা প্রাণভয়ে দ্বিগ্বিদিক ছুটতে থাকে। তখন সময় সন্ধ্যা সোয়া ছয়টা। রাজুর রক্তমাখা দেহ নিয়ে তার বন্ধুরা রওনা হন ঢাকা মেডিকেল কলেজে, ৩২নং ওয়ার্ডে। রাজুর দেহ থেকে অবিরাম টপ টপ করে রক্ত ঝরতে থাকে। তার শার্ট রক্তে ভিজে যায়। রক্তাক্ত রাজুকে এক ঝলক দেখেই কর্তব্যরত ডাক্তার বললেন, রক্ত চাই, অনেক রক্ত। মুহূর্তে রাজুর সহযোদ্ধারা দল বেঁধে রক্ত দেওয়ার প্রক্রিয়ার শামিল হন।

কিন্তু রাজুকে আর রক্ত দিতে হয়নি। সবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে, কাউকে কিছু করার সুযোগ না দিয়ে রাজু চিরতরে চলে যায়। একটা দুঃসহ বেদনা আচ্ছন্ন করে। রাজুর পরিবারের সদস্য– শোকবিহ্বল বড় ভাই রানা, শোকাতুর বোন রুমা আর গভীর যন্ত্রণাহত মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে তার বন্ধুরা। সন্ত্রাসনির্ভর রাজনীতির বুলেটে এভাবেই শেষ হয়ে যায় একটি অনন্ত সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার প্রকৃত পরিবেশ ফিরে আসুক। এমন একটি পবিত্র আকাঙ্ক্ষার মঈন হোসেন রাজু জীবন বিসর্জন দিয়েছে।

গানরত রাজুর কাঁধে যে ব্যাগটি ছিল সেই ব্যাগে ছিল নোটখাতায় নিজ হাতে টুকে রাখা জীবনানন্দের কবিতা এবং রং করার ব্রাশ ও হকিয়ার। সেই দিনের শহীদ রাজুর রক্তমাখা শার্ট ও ব্যাগ এখনো সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায়।

রাজু ভাস্কর্য

মৃত্যুর আগে রাজু মাকে বলতেন, ‘দেখো, একদিন আমার পরিচয়ে তুমি পরিচিত হবে।’ সেটিই হয়েছে আজ রাজুর নামেই তার মাকে চিনতে পারে সকলে। আজ রাজু বেঁচে নেই। কিন্তু রয়েছে তার রেখে যাওয়া চেতনা। যে চেতনা এখনো লক্ষ কোটি ছাত্রজনতাকে শিক্ষা দেয় প্রতিবাদের স্ফুলিঙ্গ কীভাবে প্রজ্বলিত করতে হয়। সে চেতনার সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক মোড়ে ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০ কোটি মানুষকে শিক্ষা দেয় কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়।

রাজুর স্মরণে এবং সন্ত্রাসবিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে টিএসসিতে তৈরি হয় সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য। এই ভাস্কর্য নির্মাণ করতে গিয়েও নানামুখী বাধাবিপত্তির মুখে পড়তে হয়। তবে সব চড়াই-উতরাই পেরিয়ে ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। ভাস্কর শ্যামল চৌধুরী এটির নকশাকার।

রাজু ভাস্কর্যে ৮ জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। মুনীম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাঈদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসফির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনির প্রতিকৃতি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে।

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ছাত্র ইউনিয়নের

আজ শুক্রবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপ এলাকায় রাজুর স্মৃতিফলকে তার ৩৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও রাজু সংসদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সন্ত্রাসী বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি কল্যাণ সাহা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন।

সমাবেশে মাহির শাহরিয়ার রেজা বলেন, ৩৪ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই রাষ্ট্র রাজু হত্যার বিচার করতে পারেনি। যেই সন্ত্রাসের প্রতিবাদে রাজু শহীদ হয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও সেই সন্ত্রাসের পদধ্বনি শোনা যায়।

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9