বাকৃবির হলে ছাত্রলীগ কর্মীদের তোলার চেষ্টা ছাত্রদল নেতার, রুখে দিলেন শিক্ষার্থীরা

০১ মার্চ ২০২৬, ১২:৫২ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদল নেতার ছত্রছায়ায় আবাসিক হলে ছাত্রলীগ কর্মীদের পুনর্বাসনের অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে।

শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের প্রবল প্রতিবাদের মুখে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হল সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে মাওলানা ভাসানী হলের নিচতলায় ‘খ’ ব্লকের ১০৯ নম্বর কক্ষে ছাত্রলীগের ৫ জন কর্মীকে ওঠানোর চেষ্টা করা হয়। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল রহমান শফিকের হস্তক্ষেপে এই পুনর্বাসনের প্রক্রিয়া চলছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

রাত ১২টার পর শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন। এ সময় তারা ‘ছাত্রলীগের আস্তানা, ভাসানী হলে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিয়ে ওই কর্মীদের হল থেকে বের করে দেওয়ার দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের প্রায় দুই ঘণ্টা ধরে বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময় চলে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে হলে ছাত্রলীগ কর্মীদের আশ্রয় দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন, ঘাতক গ্রেপ্তার

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একপর্যায়ে শিক্ষার্থীরা বিষয়টি হল প্রভোস্টকে অবহিত করেন। পরে প্রভোস্টের অনুমতিক্রমে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রক্টরিয়াল বডির গাড়িতে করে অভিযুক্তদের মধ্যে তিনজনকে হল থেকে সরিয়ে নেওয়া হয়। বাকি দুজন পরিস্থিতি টের পেয়ে আগেই হল ত্যাগ করেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে প্রভোস্টের অনুমতিক্রমে প্রক্টরিয়াল বডির সদস্যরা আমরা ওই হলে উপস্থিত হই। ছাত্রলীগ নামধারী তিনজনকে প্রক্টরিয়াল বডির গাড়িতে করে হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, হল প্রভোস্টের অনুমতি ছাড়াই তারা হলে ওঠার চেষ্টা করেছিল। বিষয়টি সমাধানের জন্য হল প্রভোস্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

অভিযোগ উড়িয়ে দিয়ে ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল রহমান শফিক বলেন, ‘হলে ছাত্রলীগ নামধারী যাদেরকে তোলার চেষ্টা করা হচ্ছে, তাদের সাথে আমার ও আমার কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। আমার কথা একটাই- ফ‌্যাসিবাদের দোসরদের এই ক‌্যাম্পাসে ঠাঁই হবে না। ক্যাম্পাসে ছাত্রলীগ পুনর্বাসন হোক এবং এ নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক- এটা আমি কখনই চাই না। আমি ওই হলে ওঠার পর থেকেই আমার নামে একটি মহল অনলাইনে এ ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে।’

মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘জুলাই আন্দোলনের পর যারা গেস্টরুম কালচার, র‌্যাগিংয়ের সাথে জড়িত তাদের হলে না ওঠানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা সেটি এখনও বলবত রয়েছে। তারা কখনই হলে উঠতে পারবে না। সাধারণ ছাত্রদের কাছে আমি চিঠি দিবো। এরকম যাদের নামে অভিযোগ আছে তাদের বিষয়ে ছাত্ররা প্রমাণ সাপেক্ষে অভিযোগ দিলে হল প্রশাসনের পক্ষ থেকে আমি ব‌্যবস্থা নেবো।’

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950