প্রবাসীদের সঙ্গে প্রতারণা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © ফাইল ফটো

প্রবাসীদের সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি জানান, ‘প্রতিদিন শত-শত রেমিট্যান্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাঁদের দুঃখ-কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন।

প্রবাসীদের বিষয়গুলো দ্রুতসময়ে এড্রেস করুন।’ প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সির সিন্ডিকেট দ্বারা ভয়াবহ জালিয়াতি হচ্ছে বলে জানান তিনি। ফেসবুক পোস্টে এ বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরেছেন হাসনাত আব্দুল্লাহ।

১. সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে : আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য ৩৫-৪০ হাজার টাকা ছিল, এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

২. ফ্লাইট সংখ্যা হ্রাস : আগে প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট চলত, কিন্তু এখন তা কমিয়ে মাত্র ৪৪টি করা হয়েছে।

৩. সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি : কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে ৪-৫টি এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট কৃত্রিম সংকটে রেখেছে। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি।

৪. ব্ল্যাঙ্ক সিট বুকিং দেখিয়ে সংকট আরও বৃদ্ধি : ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে।

৫. এয়ারপোর্টে যাত্রী হয়রানি : বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে, এরপর অন্য যাত্রী কন্ট্রাক্টে উঠিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রতি কন্ট্রাক্ট ১ থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

৬. ম্যানপাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি : ম্যানপাওয়ার ভিসা অ্যাটেস্টেডের নামে বিএমইটি বন্ধ রেখেছে, অথচ সৌদি-বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে কনসুলাররা জানান তারা এ বিষয়ে অবগত নন।

৭. অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে : কিছু এজেন্সি এবং বিএমইটির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতি ম্যানপাওয়ার ভিসার জন্য ১০-১৫ হাজার টাকা বেশি নিচ্ছে। এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ এসব প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, অথচ তাদের সঙ্গে এ ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক। প্রবাসীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬