উদ্ধার পিস্তল, ম্যাগাজিন ও গুলি © সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) মধুগ্রাম সীমান্ত এলাকায় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারী এক ব্যক্তি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ওই ব্যাগ তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।