সরকারি আশেক মাহমুদ কলেজ © টিডিসি ফটো
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসের সামনে থাকা রাজনৈতিক ব্যানারসহ বিভিন্ন সংগঠনের সব ধরনের ব্যানার সরিয়ে ফেলেছে কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার শপন নিজের ব্যানার খুলে ফেলে কর্মসূচির সূচনা করেন। পরে পর্যায়ক্রমে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সামনে থাকা অন্য রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের ব্যানারগুলোও খুলে ফেলেন।
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন ও সৌন্দর্য বজায় রাখতে রাজনৈতিক ব্যানারসহ বিভিন্ন ব্যানার সরিয়ে ফেলার উদ্যোগ নেয় কলেজ ছাত্রদল।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার শপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। এরই ধারাবাহিকতায় কলেজ ক্যাম্পাস পরিষ্কার করার পাশাপাশি রাজনৈতিক ব্যানারগুলোও সরিয়ে ফেলেছি। আমরা চাই, শিক্ষার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকুক।’
কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, কলেজ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সব ধরনের ব্যানার সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ আব্দুল বার্সেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। কলেজ ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ব্যানার না থাকলে পরিবেশের সৌন্দর্য বজায় থাকে। শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।