সিরিজ হারের পর যে ব্যাখ্যা দিলেন মিরাজ

১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ AM
মেহেদী মিরাজ

মেহেদী মিরাজ © সংগৃহীত

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচেও হারল তারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান। এনিয়ে আফগানিস্তানের কাছে টানা তিনটি ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ।

লক্ষ্যটা ছিল ১৯১ রানের। রান তাড়াটা খুব কঠিন হবে তা মনে হয়নি। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন করে ফেললেন ‘সহজ’ রান তাড়াকে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতেই স্বীকার করলেন সেটি, ‘এই রান তাড়া করে সহজেই জেতা উচিত ছিল। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৮১ রানে। রশিদ খান ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ব্যাখ্যাতীত সব বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও।

এর মধ্যে ২২.৩ থেকে ২৩ ওভারের শেষ পর্যন্ত টানা ৯ বল কোনো রান না করে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৯৯/৫ থেকে অলআউট ১০৯ রানে।। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই তাদের সর্বনিম্ন সংগ্রহ।

এমন ম্যাচের পর ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার কথাটা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘আমি ব্যাটসম্যানদের উন্নতির বার্তা দেব। যদি ওয়ানডেতে রান না করি, তাহলে টিকতে পারব না। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তাড়ায় জুটি গড়তে পারেননি। তাওহিদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ৩৬ বলে ২৯ রানের জুটিটিই দলের পক্ষে সর্বোচ্চ। ম্যাচের পর এ নিয়েও আক্ষেপ ছিল মিরাজের কণ্ঠে, ‘আমি শুধু একটা জিনিস বলেছি, টপ অর্ডারে জুটি লাগবে। যদি ৩০-৪০ রানের জুটিও পেতাম, দৃশ্যপটটা হয়তো ভিন্ন হতো। কিন্তু আমরা করতে পারিনি। কোনো ব্যাটসম্যানই দায়িত্বটা নিচ্ছে না, এটাই সমস্যা।’

তবে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশার কথাই শোনালেন মিরাজ, ‘আমরা খুবই হতাশ এখন। কিন্তু আমাদের একটা ম্যাচ হাতে আছে। এটার পর আরও একটা সিরিজ আছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। আমাদের ভাবতে হবে কীভাবে ভালোভাবে ফিরে আসা যায়।’

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬