যোগদানের পরপরই একগুচ্ছ তাজা ফুল আমার দিকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু....

২৫ ডিসেম্বর ২০২১, ০৩:৫২ PM
উপাচার্য হিসেবে যোগদান করছেন ড. সৌমিত্র শেখর

উপাচার্য হিসেবে যোগদান করছেন ড. সৌমিত্র শেখর © সংগৃহীত

সম্প্রতি ময়মনসিংহের  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৬ষ্ঠ উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, তার এই নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এজন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন ড. সৌমিত্র শেখর। আজ শনিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড আইডিতে ‘নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগদান এবং আমার কৃতজ্ঞতা’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন তিনি। তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় ওই স্ট্যাটাসে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

স্ট্যাটাসে ড. সৌমিত্র শেখর লিখেছেন, “আমি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে গত ১৯ ডিসেম্বর সকাল ১১টায় যোগদান করেছি। ১৫ ডিসেম্বর আমাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আমি ১৯ ডিসেম্বর সকালে রৌদ্রকরোজ্জ্বল ক্যাম্পাসে সবাইকে সঙ্গে নিয়ে এ যোগদান সম্পন্ন করি। আমাকে এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগদান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী সমীপে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে চতুর্থ শিল্পবিপ্লবের এই অভিযাত্রায় মানবিক ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ ও বাস্তবায়নের অগ্রদূত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে আমি যে কাজ করার সুযোগ পেয়েছি, তাতে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

তিনি আরও লিখেছেন, যোগদানের পর পরই একগুচ্ছ তাজা ফুল আমার দিকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বলেছিলাম: ‘উপাচার্য হিসেবে নিজে আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেদিতে পুষ্প অর্পণ করে তবেই আমি আপনাদের এই পুষ্পগুচ্ছ গ্রহণ করতে চাই।’ উপস্থিত সবাই এই কথা অনুমোদন করে আমার সঙ্গে ক্যাম্পাসের বঙ্গবন্ধু-ভাস্কর্যে যান এবং আমরা সম্মিলিতভাবে জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। এরপরেই জাতীয় কবি নজরুলের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করি।

“এভাবেই সবাইকে নিয়ে শুরু হয় আমার নজরুল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কর্ম। নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেই বুঝেছি, ঢাকার অদূরে অবস্থিত এই বিদ্যাপীঠে রয়েছে শত সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়-পরিবারের সদস্যরা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, তাতে আমি আপ্লুত। ক্যাম্পাসের ও এর বাইরের মিডিয়াকর্মীরাও আগ্রহ দেখিয়েছেন। এটাও আনন্দের ব্যাপার।”

ড. সৌমিত্র শেখর আরও লিখেছেন, সব মিলিয়ে একটা উৎসবমুখরতা লক্ষ্য করেছি সবার মধ্যে। আমি নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছি, এই সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংখ্যায় শুভেচ্ছাজ্ঞাপন করা হয়েছে, তা দেখে আমি মুগ্ধ হয়েছি। এতো প্রিয়জন আমার আছেন, আগে তা সত্যি বুঝতে পারিনি। আমি আপনাদের সবাইকে হৃদয় থেকে প্রতি-শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই।

“আপনারা আমার জন্য শুভ কামনা রাখবেন যাতে, জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিকে উন্নততর, আধুনিক ও বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ার কাজে আমি সামান্য হলেও অবদান রাখতে পারি। এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা যাতে সুনাগরিক হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মবিশ্বে প্রবেশ করতে পারে।
আপনাদের সবার মঙ্গল হোক।”

ড. সৌমিত্র শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা কেন্দ্র’ এর প্রাক্তন পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পর্ষদে একাধিকবার (২০১৬, ২০১৮, ২০১৯) নির্বাচিত সদস্য এবং টিএসসির উপদেষ্টা ছিলেন। সরকারি বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে মাত্র ২৯ বছর বয়সে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬