কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা © সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
কলেজ ও কেন্দ্র সূত্রে জানা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনস্থ সাত ক্যাম্পাসের মধ্যে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালে হল পর্যবেক্ষক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা তল্লাশি চালিয়ে চারজন পরীক্ষার্থীর কাছ থেকে বই, মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস জব্দ করেন। পরীক্ষার হলে এ ধরনের নিষিদ্ধ সামগ্রী ও অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট চার শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন বলেন, ‘অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছ থেকে বই, মোবাইল ও ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। শৃঙ্খলার পরিপন্থি এমন কার্যক্রমের অপরাধে চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’