গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি মারার অভিযোগে দশম শ্রেণির ছাত্র ফারহান মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু নাছেরের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই শিক্ষার্থী উপজেলার কাটানীপাড় গ্রামের শামসুল হকের ছেলে।
জানা যায়, গত বুধবার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলাকালে ফারহান অন্য এক শিক্ষার্থীর খাতা দেখে লেখার চেষ্টা করে। এ সময় দায়িত্বরত শিক্ষক আল-আমিন তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারহান শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করে এবং তাকে ঘুষি মারে।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠ ও ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দফায় দফায় আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু নাছের জানান, স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফারহান মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের পরিবেশ শান্ত রয়েছে।