রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে রাবি শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা।
এতে রাবির সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর। তিনি বলেন, " সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো। ছাত্রসমাজ সন্ত্রাসীদের অন্যায় কে কখনো মুখ বুজে সহ্য করবে না। তাদের রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। "
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। এদের মধ্যে ১ জনকে আটক করা হলেও পরে রাতে ছেড়ে দেয় পুলিশ। এর আগে দুপুরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।