কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিবন্ধিত বিভিন্ন সংগঠন ও স্টেকহোল্ডারদের লক্ষ্য করে ফেক পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার ঘটনায় সতর্ক করে দিয়েছে প্রশাসন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রক্টর অফিস।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস প্রকাশ করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিবন্ধিত সংগঠন প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিভিন্ন ফেক পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সংগঠন, শিক্ষার্থী, স্টেকহোল্ডার ও প্রশাসনিক দপ্তরকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে। আমাদের কাছে বিভিন্ন সংগঠন থেকে আবেদন জানানো হয়েছে।’
আরও খবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের এক বিষয়ের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা
এগুলো বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একটি সতর্কীকরণ বার্তা দিয়েছি। যাতে সবাই সতর্ক হয়ে যায়। আমরা কিছুদিন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেব।’
তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করছে বলেও উল্লেখ করেছেন প্রক্টর।