নাহিদ ইসলাম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। © টিডিসি ফটো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকরা আমাদের সহযোদ্ধার ভূমিকায় ছিলেন। তিনি বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা।’
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও অবদানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মূলত আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সেই সময় ক্যাম্পাস সাংবাদিকেরা তাঁদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও সংগ্রামের নিজস্ব ইতিহাস ও স্মৃতি রয়েছে। এসব ইতিহাস নথিবদ্ধ করে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
জুলাই আন্দোলনের কঠিন ও অস্থির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদকর্মীরা মাঠে থেকে সংবাদ সংগ্রহ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের এই ভূমিকা জুলাই বিপ্লবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একইসঙ্গে ফ্যাসিবাদী শাসন ও কঠিন সময়েও শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির পক্ষে সংবাদমাধ্যমের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।
মতবিনিময় শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে অতিথিদের হাতে সমিতির নিয়মিত বার্ষিক ম্যাগাজিন ‘ফাউন্টেনপেন’ তুলে দেওয়া হয়। এ সময় সমিতির সভাপতি নাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা, এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।