অধ্যাপক ইসরাফিল শাহীন © ফাইল ফটো
দেশের খ্যাতিমান নাট্যনির্দেশক, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন ইউনিভার্সিটি অব দ্য আর্টস সিঙ্গাপুরের অন্তর্ভুক্ত লাসাল কলেজ অব দ্য আর্টস আয়োজিত এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও পরিচালকদের সম্মেলনে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছেন।
বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিলিপাইন।
আগামীকাল ৩ নভেম্বর থেকে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে থাকছে—থিয়েটার শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে ডিরেক্টর্স’ কনফারেন্স; অভিনয়, নির্দেশনা, মুভমেন্ট ও স্টেজ টেকনোলজি বিষয়ক কর্মশালা ও মাস্টারক্লাস; বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা ও শোকেস; একাডেমিক ফোরাম, সিম্পোজিয়াম ও রাউন্ডটেবিল আলোচনা; আন্তর্জাতিক ট্যুরিং, অর্থায়ন ও নাট্যনবীনতা (ইনোভেশন) বিষয়ক শিল্পবিষয়ক (ইন্ডাস্ট্রি) প্যানেল ও বিনিময় কর্মসূচি।
সিঙ্গাপুরের এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যালে অধ্যাপক ইসরাফিল শাহীন বাংলাদেশের সমৃদ্ধ থিয়েটার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সমকালীন বৈশ্বিক থিয়েটার শিক্ষার পরিমণ্ডলে উপস্থাপন করবেন। শুধু তাই নয়, তিনি তাঁর গবেষণা, শিক্ষা ও সৃজনশীল কর্মের মাধ্যমে বাংলাদেশের থিয়েটারকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুনভাবে সংযুক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবেন।
উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও ডিরেক্টর্স কনফারেন্স প্রতি বছর এ অঞ্চলের শীর্ষ থিয়েটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজিত হয়।
এর আগে এ বছরের ২৩ থেকে ২৭ জুন ‘চাইনিজ ব্রিজ’ অনুষ্ঠানে চীন সফর করেন অধ্যাপক ড. ইসরাফিল। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কো-অপারেশন (সিএলইসি) এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের এই আমন্ত্রণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল সহ আরও ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম; চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা; আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশাদুজ্জামান এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মামুন আজাদ সালেহীন।