জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ সোমবার (১৯ অক্টোবর)। অনলাইনে প্রাথমিক আবেদন চলবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। এ ভর্তি কার্যক্রমের আওতায় বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি এক হাজার টাকা। আবেদনকারীকে ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০ ডিসেম্বর।
এ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড), ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড), মাস্টার অব এডুকেশন (এমএড), মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড), মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম এবং বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে।
এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সেও ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্স ভেদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও শর্ত আলাদা। বিএড কোর্সে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে অগ্রাধিকারভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমোদিত ও তালিকাভুক্ত ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকরা। অন্য আবেদনকারীদের ক্ষেত্রে স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।
এমএড ও এমএসএড কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিএড, বিএমএড বা বিএসএড পরীক্ষায় নির্ধারিত ন্যূনতম ফল থাকতে হবে। অন্যদিকে, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম কোর্সে যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে তৃতীয় শ্রেণি বা নির্ধারিত জিপিএর নিচে ফল থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন, ভর্তি ও নিবন্ধন বাতিল হতে পারে। একই সময়ে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত শিক্ষার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus ও Important Notice বিভাগে পাওয়া যাবে।