জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে একযোগে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষের (শিক্ষাবর্ষ ২০২৩-২৪) ব্যবস্থাপনা বিভাগের ‘অর্থায়নের নীতিমালা’ বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে একই প্রশ্ন দুবার অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উঠেছে। রবিবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রে ‘নগদান বাজেট’ বিষয়ে একই ধরনের প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে। এ ছাড়া প্রশ্নপত্রের আরও একটি প্রশ্ন ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রশ্নপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষার প্রশ্নপত্রের (বিষয় কোড ২২২৬০৭) ‘খ’ বিভাগের ৩ নম্বর প্রশ্নে ছিল, ‘নগদান বাজেট তৈরির ধাপগুলো বর্ণনা কর’। একই প্রশ্নপত্রের ‘গ’ বিভাগের ১১ নম্বর প্রশ্নেও ‘নগদান বাজেট কী? নগদান বাজেট তৈরির ধাপসমূহ বর্ণনা কর’—এভাবে নগদান বাজেট তৈরির ধাপ বর্ণনার বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়।
পরীক্ষার্থীদের অভিযোগ, একই বিষয়ভিত্তিক প্রশ্ন দুবার থাকায় প্রশ্নপত্রের বৈচিত্র্য কমেছে। পাশাপাশি নির্ধারিত নম্বরের যথাযথ মূল্যায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ জানান, প্রশ্নের পুনরাবৃত্তির কারণে কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখবেন, তা নিয়ে পরীক্ষাকক্ষে বিভ্রান্তি দেখা দেয়।
এ ছাড়া প্রশ্নপত্রের ১৫ নম্বর প্রশ্নটিও ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত একই বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ‘বিজনেস ম্যাট্রিক্স’ বিষয়ের প্রশ্নপত্রে ১২ নম্বর প্রশ্নের ‘খ’ অংশটিও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আপনাদের কাছ থেকেই মাত্র জানলাম। আমাকে কেউ জানায় নি। প্রশ্ন দেখি, ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’