ববিতে পটুয়াখালি জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ © সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ক্যারিয়ার কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস হলরুমে বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পটুয়াখালী জেলা থেকে ববি পড়তে আসা নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজমাইন সাকিব। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছুটি মন্ডল ও তুষার শিবলী।
প্রধান অতিথির বক্তব্যে ববি উপাচার্য ড. মামুন অর রশীদ বলেন, ‘আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩৩তম বিশ্ববিদ্যালয়। অন্য ২৫টি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু রয়েছে। তাই আমি সব ছাত্রছাত্রীকে অনুরোধ করব, আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের নেতিবাচক দিকগুলো দেখব না; ইতিবাচক দিকগুলোও সামনে তুলে ধরব। বিশ্ববিদ্যালয়ে যা আছে, সেগুলোর পাশাপাশি আমরা আরও অনেক কিছু পাব।
‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবন-৩-এর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে আমরা কাজ শুরু করতে পারব। আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু করেছি। আগামী সপ্তাহে আমাদের ১৫তম ব্যাচের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন হবে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পটুয়াখালী থেকে আগত অতিথিদের অভিনন্দন ও জ্ঞাতিগাপন করছি। পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবশেষে একটা কথা বলব—গুণগান হোক বা ক্ষতি হোক, আমি তোমাদের লোক।’
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের সম্পদ। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি আজমাইন সাকিব বলেন, ‘পটুয়াখালী জেলা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। নবীনদের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই আয়োজন।’
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন বর্ষের জ্যেষ্ঠ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও ক্যারিয়ার কর্মশালা শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।