ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ AM
হামলায় আহত সাংবাদিক

হামলায় আহত সাংবাদিক © টিডিসি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী এবং শহীদ মামুন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রহমান তালুকদার বলেন, আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে সংবাদ সংগ্রহের জন্য দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা ‘ওই সাংবাদিক সমিতির ওরে মার’ বলে চিৎকার করছিল। তখন আমার হাতে স্বাভাবিকভাবেই ফোন ছিল। রাকিব নামে একজন সেখানে ছিল, যাকে আমি ভালোভাবে চিনি। তারাও আমাকে মারধর করেছে।

এ বিষয়ে জানতে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাংবাদিকের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনোভাবেই এটা সমর্থন করে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রোকনুজ্জামান রাকিবের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছিল।

এর আগে তিতুমীর কলেজের ছাত্রীদের হলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলনের সময় নারী শিক্ষার্থীদের ‘বেশ্যা’ বলে গালি দেওয়ার অভিযোগও উঠে রোকনুজ্জামান রাকিবের বিরুদ্ধে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬