ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল সমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ © সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল সমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে সংঘটিত দফায় দফায় মারামারির ঘটনায় ৫ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। গঠিত কমিটিকে সুষ্ঠু তদন্তপূর্বক আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্ত-বিভাগ ও হল সমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে সংগঠিত ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ভাইস চ্যান্সেলর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন।
গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নেওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম।
এর আগে, আজ চলমান ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারিতে জড়ায় শিক্ষার্থীরা। প্রথম দফায় সকালে মারামারিতে জড়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তীতে দুপুরের খেলায় আবারও মারামারিতে জড়ায় ফার্মেসী এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। দফায় দফায় মারামারির পর ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে প্রশাসন।