ক্যাফেটেরিয়ার সামনের গাছের বড় মরা ডাল ভেঙে পড়েছে। © টিডিসি ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ার সামনে হঠাৎ একটি বড় মরা ডাল ভেঙে সড়কের ওপর পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ক্যাফেটেরিয়ার সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে ডালটি ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষার্থী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গাছের একটি বড় শুকনো ডাল হঠাৎ ভেঙে পড়ে। ডালটি আকারে বেশ বড় হওয়ায় এটি কারও ওপর পড়লে গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও আশঙ্কা ছিল। ডাল ভেঙে পড়ার পর সড়কের বিভিন্ন স্থানে গাছের ডালপালা ও পাতা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা ঝুঁকিপূর্ণ গাছ ও মরা ডাল নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও অপসারণ করা প্রয়োজন। কোনো দুর্ঘটনা বা প্রাণহানির পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ঘটনাস্থলে উপস্থিত বাংলা বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ডালটি যেভাবে হঠাৎ ভেঙে পড়েছে, তাতে এখানে কেউ দাঁড়িয়ে বা চলাচলরত অবস্থায় থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ক্যাফেটেরিয়ার সামনে সবসময় শিক্ষার্থীদের চলাচল থাকে। তাই ঝুঁকিপূর্ণ ও শুকনো ডালগুলো আগে থেকেই শনাক্ত করে অপসারণ করা জরুরি।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া বড় ডালটির পাশাপাশি আশপাশে বেশ কিছু শুকনো ও ঝুঁকিপূর্ণ ডাল রয়েছে। ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকা হওয়ায় সেখানে প্রতিনিয়ত শিক্ষার্থী ও পথচারীদের চলাচল থাকে। ফলে এসব ডাল দ্রুত অপসারণ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইয়ামিন বলেন, ‘হঠাৎ করে শুকনো ডালটি ভেঙে পড়ল। ভাগ্যক্রমে তখন সেখানে কেউ ছিল না। যদি কোনো শিক্ষার্থী বা পথচারী তখন নিচে থাকতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছিদুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগে থেকেই ক্যাম্পাসের শুকনো ও ঝুঁকিপূর্ণ ডালগুলো চিহ্নিত করে কেটে ফেলা বা অপসারণের ব্যবস্থা করা হোক।’