আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিতে টানা চতুর্থবারের মতো রাশিয়া যাচ্ছেন জবির শিফা

১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী, প্রশিক্ষক ও যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী, প্রশিক্ষক ও যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা। © টিডিসি ছবি

বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে রাশিয়ার পরপর দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী, প্রশিক্ষক ও যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা। আয়োজকদের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় অনুষ্ঠিতব্য এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাশিয়ার যুববিষয়ক ফেডারেল সংস্থা ও স্ভের্দলোভস্ক অঞ্চলের সরকারের আয়োজনে অনুষ্ঠেয় এই উৎসবে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশ নেওয়ার কথা রয়েছে।

উৎসবে বিভিন্ন দেশের তরুণ নেতা, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সৃজনশীল শিল্পী, গণমাধ্যমকর্মী, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল খাতের পেশাজীবী এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের অংশগ্রহণের সুযোগ থাকছে।

প্রথম আয়োজন শেষে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আরও একটি আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নেবেন শিফা। রাশিয়া, আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ার সঙ্গে সম্পৃক্ত এ আঞ্চলিক কর্মসূচির মূল আয়োজন হবে রাশিয়ার ভেলিকি নভগোরোদে।

দুটি আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিতীয় কর্মসূচিতে নিজের প্রতিষ্ঠিত গ্লোবাল ভিলেজ এমপাওয়ারমেন্ট-এর তরুণদের জন্য নেওয়া প্রকল্প, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন তিনি।

তরুণদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই তাঁর প্রকল্পের মূল লক্ষ্য।

এটি শিফার রাশিয়ায় চতুর্থ সফর। এর আগে ২০২৪ সালেও তিনি দেশটির একটি আন্তর্জাতিক যুব আয়োজনে অংশ নেন। ওই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছিল বলে জানান শিফা।

বর্তমানে তিনি এসটিএস গ্রুপের প্রশিক্ষণ, উন্নয়ন ও গবেষণা বিভাগের দায়িত্বে রয়েছেন। প্রশিক্ষণ ও উন্নয়ন, নেতৃত্ব এবং জনসমক্ষে বক্তব্য দেওয়ার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে শতাধিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বক্তৃতা, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করেছেন শিফা।

বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অনলাইন ও সরাসরি বিভিন্ন কর্মসূচিতে এখন পর্যন্ত ৭ লাখের বেশি তরুণের কাছে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের শিক্ষা পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।

২০২৫ সালে এসটিএস গ্রুপে যোগ দেওয়ার পর সরাসরি ৬০০-এর বেশি জ্যেষ্ঠ ও উচ্চপর্যায়ের নেতাকে প্রশিক্ষণ দিয়েছেন শিফা। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ৫ হাজারের বেশি অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছেন বলে জানান তিনি।

নিজের প্রতিষ্ঠিত গ্লোবাল ভিলেজ এমপাওয়ারমেন্টের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত ১ লাখ বাংলাদেশি তরুণ-তরুণীকে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত দক্ষতায় দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে তাঁর।

আসন্ন আন্তর্জাতিক সফর নিয়ে সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, রাশিয়ার দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তরুণদের জন্য তাঁর প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের স্বীকৃত বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়েছিলেন সাবিতা বিনতে আজাদ শিফা।

ট্যাগ: জবি
তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবির সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে…
  • ১৬ আগস্ট ২০২৬
ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage