চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

১২ আগস্ট ২০২৬, ০১:৩৮ AM
 পাথরের আঘাতে চোখ হারানো শিক্ষার্থীকে সহায়তা

পাথরের আঘাতে চোখ হারানো শিক্ষার্থীকে সহায়তা © টিডিসি ছবি

চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আহত শিক্ষার্থী মো. সাব্বির হোসেনের বাবার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ছুটি শেষে ঢাকায় ফেরার পথে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে যাত্রাকালে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন বাউবির এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। পাথরের আঘাতে তাঁর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসকদের মতে, ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি তিনি মাথায়ও গুরুতর আঘাত পান।

ঘটনার পর তাঁকে জামতৈল রেলস্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীর এই দুর্ভোগে বাউবি কর্তৃপক্ষ তাঁর পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা ব্যয়ে সহযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের যেকোনো সংকট ও দুর্দিনে পাশে থাকার বিষয়ে আন্তরিক। সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করছি। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসম্ভব পাশে থাকবে।”

ট্যাগ: বাউবি
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬