বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হিমু পরিবহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) টিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উদ্যোগে রবিবার চবির বুদ্ধিজীবী চত্বরে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
চবির লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আদিত্য পিয়াসের সঞ্চালনায় উক্ত স্মরণসভায় ‘‘হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম ও জীবন’’ সম্পর্কে উপস্থিত সকলে নিজেদের আবেগ, অনুভূতি প্রকাশ করেন।
সভায় বিভিন্ন লেখকদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আহসানুল কবির পলাশ, আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভ এবং হিমু পরিবহণ চট্টগ্রাম টিম।
স্মরণসভায় আহসানুল কবির পলাশ,হুমায়ূন আহমেদের বর্ণিল সাহিত্য জীবনের পাশাপাশি লেখকের গঠনমূলক সমালোচনাও করেন। এর পাশাপাশি বাংলা সাহিত্যে লেখকের অবদান সম্পর্কে আলোকপাত করেন।
হাসান মোহাম্মদ রোমান শুভ তার আলোচনায় হুমায়ূন আহমেদ সম্পর্কে স্মৃতিময় আবেগ,অনুরাগ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলা সাহিত্যকে হুমায়ূন আহমেদ যা দিয়েছেন তা কল্পনাতীত ।সাহিত্যের বাহিরেও বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে হুমায়ূন আহমেদ নিঃসন্দেহে শ্রেষ্ঠদের একজন।
এদিন স্মরনসভার আলোচনা শেষে উপস্থিত সকলে লেখক হুমায়ুন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত, হিমু পরিবহণ লেখক হুমায়ূন আহমেদের ভক্তদের একটি সংগঠন। দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম লক্ষণীয়।