রাজশাহী বিশ্বিবদ্যালয়ে (রাবি) দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাবিতে এর আগের বছর দ্বিতীয়বার পরীক্ষা দেবার সুযোগ থাকলেও এবার সেই সুযোগ দেয়া হচ্ছে না। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী সেকেন্ড টাইমার। তাহলে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত হবো? প্রতিবছর কোনো না কোনো কারণে অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকলে ফাঁকা আসনে যোগ্য শিক্ষার্থী পাওয়া যাবে। কোন দূর্ঘটনায় একজন শিক্ষার্থী যদি পরীক্ষা দেওয়ার সুযোগ না পায় তাহলে সেই শিক্ষার্থীর স্বপ্ন সেখানেই সমাধি হয়ে যায়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রয়েছে, কিন্ত মেডিকেলে পড়ার ইচ্ছা যাদের নেই তাদের কেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হবে?
মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে তারা দ্বিতীয় বার ভর্তির সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি দাবি জানান।