বিরল রোগের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে নোবিপ্রবি ছাত্র

১৮ মে ২০২৬, ০৫:২৮ PM
আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন

আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন © সংগৃহীত

দীর্ঘদিন মরণব্যাধি ক্রোনস ডিজিজ ও হিস্টোপ্লাজমোসিস রোগের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন। 

আজ সোমবার (১৮ মে) দুপুর ২টা ২৭ মিনিটে বাংলাদেশ ক্রিটিকাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তিনি প্রায় দীর্ঘ ২ মাস যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

সাখাওয়াতের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি নোবিপ্রবির আইন বিভাগের ১ম এবং বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি সদ্যই তাঁর এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছিলেন।

সহপাঠীরা জানান, সাখাওয়াত দীর্ঘ দিন ধরে পাকস্থলীর বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁর শরীরে ‘ক্রোনস ডিজিজ’ ও ‘হিস্টোপ্লাজমোসিস’ নামক দুটি জটিল ও বিরল রোগ শনাক্ত করেন। দীর্ঘ দুই মাস ধরে নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

আইন বিভাগের সদ্য পাস করা এই শিক্ষার্থীর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবির আইন বিভাগসহ পুরো ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস মাতানো, সদা হাস্যোজ্জ্বল সাখাওয়াত ভাইয়ের এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জীবন নিয়ে যাঁর চোখে ছিল অজস্র স্বপ্ন, সেই স্বপ্নগুলো আজ এক নিমেষেই থমকে গেল। 

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সাখাওয়াতের পরিবার ও সহপাঠীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আরেক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬