© টিডিসি ফটো
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)- এর প্লাটুন উদ্বোধন হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরান আজাদ, বশেমুরবিপ্রবি প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুইয়া, রেজিস্ট্রার নুরুদ্দিন, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, গণসংযোগ কর্মকর্তা মাহবুব আলমসহ বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার ইমরান আজাদ বলেন, শৃঙ্খলা, জ্ঞান এবং সহযোগিতার মূলমন্ত্রে বশেমুরবিপ্রবিসহ ১০২টি প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রম চালু আছে।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিএনসিসির কার্যক্রম ও শৃঙ্খলায় আমরা অত্যন্ত খুশি। ১৯৭১ সালে আমরা বাঙালীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। বর্তমানেও এই দেশপ্রেমিকতার মাধ্যমেই আমরা চাইলে সব কার্য সম্পাদন করতে পারি।