পূর্ণ প্রস্তুতি ছাড়া বিভাগের কার্যক্রম চালু, ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা

২০ এপ্রিল ২০১৯, ১০:৩৩ AM
ঝুঁকিপূর্ণ ভবনের পৃথক স্থিরচিত্র

ঝুঁকিপূর্ণ ভবনের পৃথক স্থিরচিত্র © টিডিসি ফটো

দু’বছরে পা রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগ। বিভাগটির যাত্রা শুরু হয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এই যাত্রায় যুক্ত হয়েছে আরও একটি নতুন ব্যাচ। যদিও এখন পর্যন্ত বিভাগটির নির্দিষ্ট কোনো শ্রেণিকক্ষ নেই। তাই কলা ও মানববিদ্যা অনুষদের এই বিভাগটির দুই ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করে অনুষদের দুই গ্যালারিতে। যেই গ্যালারিগুলো জরাজীর্ণ এবং বেশ ঝুঁকিপূর্ণ। যখন তখন সিলিং থেকে খসে পড়ে পলেস্তরা কিংবা পিলারের টুকরো অংশ।

গত ১৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় ক্লাস চলাকালে শিক্ষার্থীদের দু-এক হাত সামনেই ছাদের সিলিং থেকে খসে পড়ে পলেস্তার। এমন ঝুঁকিপূর্ণ কক্ষেই ক্লাস করছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভাগটি সেমিনার কিংবা লাইব্রেরী কক্ষ বলতে যেই রুমটি আছে, তার আয়তন হবে ৮ থেকে ১০ ফুট। যেখানে কোনোমতে অল্পকিছু বইয়ের একটা নমুনার দেখা মেলে। এছাড়া ৮-১০ টা চেয়ার আর দুইটা টেবিলেই শেষ সেমিনারের ব্যাপ্তি। নেই কোনো সহকারী কিংবা স্টাফ। অধিকাংশ সময় তালা ঝুলে সেমিনারের দরজায়। তাই শিক্ষার্থীদেরও খুব বেশি আসা যাওয়া নেই সেমিনারে। ক্লাস শেষে চাইলেই সেমিনারে বসে পড়ার সুযোগ হয় না তাদের।

যেখানে দুই ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা ১০০ জন। এরমধ্যে ৪৫ জন ছেলে এবং ৫৫ জন মেয়ে। তবে বিভাগের নিজস্ব কোনো শিক্ষক না থাকায় অন্য বিভাগের শিক্ষকরাই ক্লাস নিয়ে থাকেন। বর্তমানে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিভাগের নির্দিষ্ট ক্লাসরুম না থাকায় ক্লাস চলাকালে কখনো কখনো অন্য বিভাগগুলোর গ্যালারিতে কোনো অনুষ্ঠান থাকলে ক্লাস ছেড়ে বের হয়ে যেতে হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের। এমন বেহাল পরিবেশে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে হতাশা।

শিক্ষার্থীরা জানান, আমাদের বিভাগের চেয়ারম্যান স্বয়ং অনুষদের ডিন স্যার। স্যারের কাছে আমরা একাধিকবার ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষের কথা জানিয়েছি। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখিনি আমরা।

কথা বলছিলাম বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের জাহিদ হাসান বিপ্লবের সঙ্গে, তিনি নিজ বিভাগের সার্বিক বিষয়ে হতাশা ব্যক্ত করে জানান, অনেক স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। সাধারণত আমরা কোন সাবজেক্ট এ পড়বো সেটা শুধুমাত্র সাবজেক্ট দেখিই সিদ্ধান্ত নিয়ে থাকি। এর বেশি কিছু আমাদের জানার বা দেখার সুযোগ থাকে না। কিন্তু বিভাগটি নতুন হওয়ায় এখনো বিভাগের নিজস্ব কোনো কিছুই নেই। যে অবস্থা দেখছি, তাতে আমরা খুবই হতাশ। তাছাড়া যে ভবনটি ২৫ বছর আগে পরিত্যক্ত হয়ে গেছে সেখানেই আমাদেরকে বলতে গেলে জোরপূর্বক ক্লাস করানো হচ্ছে। ইতোমধ্যে আমাদের এক বছর শেষ হয়ে গেছে। শিক্ষক সংকট, নতুন বিভাগের নানান অপূর্ণতার ভার কিন্তু আমাদেরকেই বইতে হচ্ছে।

বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নওশিন আনজুম আশা জানান, গত ১৬ এপ্রিল দুপুরে পলেস্তরা খসে পড়ার ঘটনাটার স্বাক্ষী আমি নিজেই। কারন, সেটা আমার সামনেই পড়েছে। তাছাড়া ছাদের সিলিং থেকে খসে পড়া টুকরোগুলোর সাইজ এতটাই বড় ছিলো যে, যদি কারো মাথায় পড়তো, তাহলে সেখানেই সে মারা যেত। এমন ঝুঁকিপূর্ণ কক্ষেই আমাদের প্রতিনিয়ত ক্লাস করতে হচ্ছে।

সেমিনারে তালাবদ্ধ থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অধিকাংশ সময় আমাদের সেমিনার বন্ধ থাকে। অথচ পর্যাপ্ত পরিমান বইও নেই। মূলত পূর্ণ প্রস্তুতি না নিয়ে বিভাগের কার্যক্রম চালু করায় আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ থাকবে দ্রুত সময়ে এসব সমস্যা সমাধান করার।

বিভাগের সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেন, কলা অনুষদের শুধু এই বিভাগই নয়, অনুষদের আরও বেশ কয়েকটি বিভাগ আছে, যাদের শ্রেণিকক্ষের সংকট রয়েছে। তাদেরও আমরা ক্লাস নিতে আপাতত কিছু সীমাবদ্ধতার কারনে হিমশিম খেতে হচ্ছে। তবে অনুষদের নতুন ভবনের কাজ চলছে। এবছরের মধ্যেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। তবে ১৬ এপ্রিল গ্যালারির পলেস্তার খসে পড়ার পরেই আমরা ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি। তারা ঝূঁকিপূর্ণ স্থানগুলো খুব দ্রুত সময়ে ঠিক করে দিবে। এছাড়া বাকী সমস্যাগুলো নতুন ভবনে স্থানান্তর হলেই সমাধান হয়ে যাবে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬