জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ভোলা জেলার নবীন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি। সোমবার বিকাল চারটায় সমাজ বিজ্ঞান অনুষদ গ্যালারীতে অনুষ্ঠিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি ভোলা জেলা’ বই প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে ২৫ র্মাচ রাতের গণহত্যাকে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ৪১ ও ৪২ ব্যাচকে বিদায় দেয়া হয়।
এ সময় ৪৭ ব্যাচের পূজা মজুমদার অভিব্যক্তি প্রকাশ করে বলেন,‘ যখন জেলা সমিতিতে আসি তখন মনে হয়। আমি ভোলায় নিজ পরিবারের সাথে গল্প করছি। আমাদের জেলার ভাইয়া ও আপুরা খুবই হেল্পফুল হয়ে থাকে। যা আমাদের জন্য গর্বের।
অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবর হোসেন বলেন,‘অন্য জেলার কাউকে চাকরির কর্মস্থল হিসেবে ভোলা জেলায় পাঠানো হলে, প্রথমত যেতে চায় না। আর কয়েক বছর থাকার পর ওই লোকটাই আবার ভোলা থেকে ফিরে আসতে চায় না। এছাড়াও তিনি জাবিতে অধ্যয়ররত ভোলা জেলার শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সমিতি থেকে পড়ালেখা ও ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান হাতে নেয়ার আহ্বান জানান।’
সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান সীমান্ত জেলা সমিতির ফান্ড তৈরী এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতার প্রতি জোর দেন। জেলা সমিতির সেক্রেটারী আল আমিনের সঞ্চালনায় সভাপতি আব্দুল মান্নান মুন্না বলেন,‘সকলে আগ্রহ ও সহায়তা অব্যাহত থাকবে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবো।