মৌলভীবাজার জেলা প্রশাসনের অনুষ্ঠান © ফাইল ছবি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠানের ব্যানারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ ও অনুষ্ঠান বর্জনের ঘটনা ঘটে। একই দিবসে মৌলভীবাজার সদর ও বড়লেখা এবং জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানেও ব্যানারে জিয়াউর রহমানের ছবি ছিল না। তবে দুই জেলার ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ায় দেখা গেছে ভিন্নতা।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারকে ঘটনার আট দিনের মাথায় প্রত্যাহার করা হলেও মৌলভীবাজারের সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন। এ নিয়ে জাতীয় পর্যায়ের অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসে ‘জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্রশাসনের অনুষ্ঠান বর্জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। তার বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হলে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আলমগীর কবীর।
অন্যদিকে একই ৭ নভেম্বর মৌলভীবাজার সদর ও বড়লেখা এবং জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ওই তিনটি অনুষ্ঠানের কোনোটির ব্যানারেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ছিল না। এ নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ও সমালোচনা তৈরি হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান জবাবদিহি বা ব্যবস্থা সামনে আসেনি।

জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ব্যানারে জিয়াউর রহমানের ছবি ছিল না
জানা গেছে, মৌলভীবাজার জেলা সদরে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের জাতীয় সংসদ সদস্য নাসের রহমান। অন্যদিকে, বড়লেখা ও জুড়ী দুই উপজেলার অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমদ মিঠু। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসক। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়ে তাদের পক্ষ থেকেও কোনো প্রতিবাদ দেখা যায়নি।
এ ঘটনায় চুয়াডাঙ্গার সঙ্গে মৌলভীবাজারের প্রশাসনিক অবস্থানের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই দিবস, একই ধরনের সরকারি আয়োজন এবং ব্যানারে একই ব্যক্তির ছবি না থাকার ঘটনায় এক জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার হলেও অন্য জেলায় সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে, প্রশাসনিক দায়বদ্ধতার ক্ষেত্রে কি ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে?
এদিকে গত ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে ওই নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞার কথা উল্লেখ নেই। ফলে সরকারি অনুষ্ঠানে তার ছবি ব্যবহারে প্রশাসনিক বাধা ছিল কি না, সে প্রশ্নও সামনে এসেছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর ভাষ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। অথচ তার ছবি ছাড়া সরকারি অনুষ্ঠানের আয়োজন হলেও বড়লেখা ও জুড়ীতে দলের স্থানীয় নেতাদের নীরবতা তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
তবে চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে প্রত্যাহারের সরকারি প্রজ্ঞাপনে ৭ নভেম্বরের অনুষ্ঠান কিংবা তার বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে ওই বিতর্কের সঙ্গে প্রত্যাহারের সরাসরি যোগসূত্র রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। একইভাবে মৌলভীবাজারের দুই উপজেলার অনুষ্ঠান নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সব মিলিয়ে একই দিবসের সরকারি আয়োজনে একই ধরনের অসংগতি ঘিরে দুই জেলার প্রশাসনিক পরিস্থিতি এখন আলোচনায়। চুয়াডাঙ্গার ডিসির প্রত্যাহারের পর বড়লেখা ও জুড়ীর ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী হয়, সেটিই এখন দেখার বিষয়।