চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আগামী ২৮ মার্চ সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চবি শিক্ষক সমিতির নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোটগ্রহণের কাজ শুরু হয়েছে।
এদিকে এবারের শিক্ষক সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমর্থিত সাদা দল অংশ নিচ্ছে না। তবে গত বছর সাদা দল থেকে বের হয়ে আসা বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। সে অনুযায়ী দীর্ঘ ৩৩ বছর পর সাদা দলের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন। অপরদিকে আওয়ামী-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দল থেকে দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বি প্রার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মননোয়নপত্র দাখিল করেছেন ২৪ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামীপন্থী হলুদ দলের ১১ জন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ১১ জন ও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে গতকাল রবিবার হলুদ দলের বিদ্রোহী সদস্য পদপ্রার্থী নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোক্তার হোসেন চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার বিষয়ে হলুদ দলের আহবায়কের কাছে চিঠি প্রদান করেন।
এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২০ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় এখন আর সেই সুযোগ থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
হলুদ দলের বিদ্রোহী সদস্য প্রার্থী মোক্তার হোসেন চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময় দলের অযোগ্যরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি সেই ক্ষোভ থেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ছিলাম। তবে আমি দলের ঐক্যের কথা চিন্তা করে নিজেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে হলুদ দল মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।’
জানতে চাইলে হলুদ দলের আহবায়ক অধ্যাপক ড. সুলতান আহমেদ বলেন, ‘দলের বিদ্রোহী প্রার্থী নিজের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট সময় পার হওয়ায় এখন আর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই। তবে তিনি নিজেই দলের প্রার্থীদের ভোট দিবেন বলে জানিয়েছেন। তাই আমরা নিজেদের ঐক্যের বিষয়ে নিশ্চিত।’
এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম. আবদুল গফুর বলেন, ‘ আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আগামী ২৮ মার্চ সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবি শিক্ষক সমিতির চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’
নির্বাচনে হলুদ দল মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, সহ-সভাপতি পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্লাহ, যুগ্ম সম্পাদক পদে প্রাণ রসায়ণ ও অনপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী।
এছাড়া ছয়টি সদস্য পদে অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. রনজিত কুমার চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক বকুল চন্দ্র চাকমা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইকবাল আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা সুকন্যা বাশার এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সহ-সভাপতি পদে সমুদ্রবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক পদে সমুদ্রবিদ্যা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
এছাড়া ছয়টি সদস্য পদের প্রার্থীরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল মাবুদ, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আজম খান, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মেজবাউল আলম, রসায়ণ বিভাগের অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, সমুদ্রবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম এবং সদস্য পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোক্তার আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহ আলম সাদা দলের ও মোক্তার হলুদ দলের সমর্থক হিসেবে পরিচিত।