জাবিতে হোটেলবয়কে ছাত্রলীগ কর্মীর মারধর

২৩ মার্চ ২০১৯, ০৬:৫০ PM

© লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খাবারের জন্য বিখ্যাত বটতলার একটি হোটেলবয়কে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বটতলা এলাকার নুরজাহান হোটেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ-কর্মী তৌফিক আহমেদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী। পার্শ্ববর্তী একাধিক দোকানদার জানান, শুক্রবার রাতে নুরজাহান হোটেল থেকে বান্ধবীর জন্য খাবার নেন তৌফিক। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তার বান্ধবী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নুরজাহান হোটেলের মালিক মো. ফরমান খানের সঙ্গে কথা বলতে আসেন তৌফিক। তাকে দোকানের সামনে ডেকে কথা বলেন তৌফিক।

এসময় একই দোকানের কর্মচারী রমজান আলী কাস্টমার ডাকতে সেদিকে গেলে তাকে চড়-থাপ্পড় মারেন তৌফিক। এসময় তৌফিককে রাগান্বিত হয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়। মারধরের শিকার রমজান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কার কাছে বিচার দিবো? কে এর বিচার করবে? এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোন বিচার হয় না।’

অভিযুক্ত তৌফিক আহমেদ বলেন, ‘শুক্রবার রাতে এই দোকান থেকে আমার বান্ধবীর জন্য খাবার নিয়ে যাই। সেই খাবার খাওয়ার পর তার পেটে সমস্যা হয়। এজন্য দুপুরে আমি দোকানের মালিকের সঙ্গে কথা বলতে দোকানের সামনে যাই। এসময় রমজান এদিকে আসলে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেই। আমি চাইনি কর্মচারীর সামনে দোকানের মালিকের সম্মান নষ্ট হোক।’

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বটতলার খাবারের মান নিয়ে অনেক প্রশ্ন আছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিৎ। তবে কর্মচারীদের গায়ে হাত তোলাটা কাম্য নয়। এরকম কোন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এরকম কোন ঘটনা এখনো শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬