ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুনরায় সান্ধ্যকালীন কোর্স চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় নেতারা এ দাবি জানান।
সভায় সান্ধ্যকালী কোর্স চালু ছাড়াও শিক্ষকদের পদোন্নতি, ইনক্রিমেন্ট (বিশেষ ভাতা) বৃদ্ধি, নির্দিষ্ট তারিখ থেকে পদোন্নতি নিশ্চিত করা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের যথাসময়ে পেনশনের ব্যবস্থা করাসহ শিক্ষকদের অধিকার ও স্বার্থ সংশিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি বাস্তবায়নের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেনের সঞ্চালনায় সাধারন সভায় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমিতির সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনসহ অন্যান্য সদস্যরা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন বলেন, ‘সভায় সকলের পরামর্শক্রমে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলবো।’
অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘রাষ্ট্রীয় কাজে ভিসি ঢাকাতে রয়েছেন। তিনি ক্যাম্পাসে আসলে আমরা বিষয়টি পর্যালোচনা করবো।’
প্রসঙ্গত, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সান্ধ্যকালীন প্রোগ্রাম কোর্স বাতিলের চুড়ান্ত নেয় প্রশাসন।