যেভাবে ফাঁসলেন এসপি জাহাঙ্গীর
মোহাম্মদ জাহাঙ্গীর আলম © সংগৃহীত
‘ডে-ড্রিমার’ নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে রাজনৈতিক বার্তা পাঠানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষায় মেসেজ আদান-প্রদানের তথ্য পাওয়ার পর তদন্তের জালে আটকে যান তিনি। পরে রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা-সহিংসতায় উসকানির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত ৮ নভেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে জাহাঙ্গীর আলমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এক ব্যক্তির কাছে একটি বার্তা পাঠানো হয়। এতে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
এর আগে একই দিন রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে আরেকটি বার্তা পাঠান তিনি। সেখানে লেখা ছিল, ‘Dear sir Best wishes for you. Inshallah Bangladesh will be restored to previous state in December. Stay fine sir. Regards sir.’ অর্থাৎ, ‘ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাবে।’
তবে এসব বার্তা পাঠানোর সময় জাহাঙ্গীর জানতেন না, রাজনৈতিক যোগাযোগের কারণে তিনি গোয়েন্দাদের সন্দেহের তালিকায় রয়েছেন। তার মেসেজ আদান-প্রদানের তথ্য গোয়েন্দাদের কাছে পৌঁছানোর পর শুরু হয় নজরদারি। একপর্যায়ে গত ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষায় বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া যায়। তদন্তেও এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ উঠে আসে।
সবশেষে গত শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।
রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ এবং দাঙ্গা-সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা এবং তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নে সহায়তা করছিলেন তিনি।
এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তার (জাহাঙ্গীর) মোবাইলে দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। সেগুলোয় রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। মামলা হয়েছে। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।’
জাহাঙ্গীরের সঙ্গে এ ধরনের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলে জানান ডিআইজি।
পুলিশ কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বার্তাগুলো পাঠিয়েছিলেন। অ্যাকাউন্টটির নাম ছিল ‘Daydreamer’। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতার কাছে এসব বার্তা পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক নেতা এবং নিষিদ্ধ দলটির প্রেসিডিয়ামের ‘গুরুত্বপূর্ণ’ এক নেতার কাছে বার্তাগুলো পাঠানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘কার কাছে মেসেজ পাঠানো হয়েছে সেটা ক্লিয়ার না। তাকে (জাহাঙ্গীর) জিজ্ঞাসাবাদে তথ্যগুলো নিশ্চয় উঠে আসবে।’
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি তদন্ত করছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পরিদর্শক রাসেল মাহমুদ।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি পুলিশ সুপার পদমর্যাদায় আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে।
এদিকে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।