জাবিতে র্যাগিং বিরোধী র্যালি © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়বো, সকলে মিলে সৌন্দর্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করবো’ স্লোগানকে ধারণ করে প্রশাসনের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে র্যাগিং বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। তিনি বলেছেন, ‘র্যাগিংয়ের বিষয়ে প্রমাণ পেলেই বহিষ্কার করা হবে।’
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র্যালিটি সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। তিনি বলেন, ‘র্যাগিং একটি জঘন্য অপরাধ, এটা শিক্ষার্থীদের মনন বিকাশে বাধা দেয়।’ এসময় তিনি র্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে শিক্ষার্থীদের এ অপরাধ থেকে রেব হয়ে আসার আহ্বান জানান তিনি।
র্যালিকে নেতৃত্বে দানকারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, 'র্যাগিং নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। র্যাগিং একটি অপরাধমূলক কর্মকাণ্ড তাই এ অপরাধেরর সাথে জড়িতদের শাস্তি পেতে হবে। র্যাগিংয়ের বিষয়ে প্রমাণ পেলেই বহিষ্কার করা হবে।’
এসময় তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘একটু সময় লাগলেও ক্যাম্পাস নিজে চিনবে, র্যাগিং এর বিরুদ্ধে নিজে প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রশাসনকে অবহিত করবে।’ সিনিয়র শিক্ষার্থীদের তিনি বলেন, ‘র্যাগ দিয়ে নয় বরং ভালোবাসা ও স্নেহ দিয়ে জুনিয়রদের আপন করে নিতে হবে। নিজের পরিবারে কাউকে কি কখনো র্যাগ দেওয়া সম্ভব? তাই তাদেরকে র্যাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আপন করে নাও'।
এছাড়াও র্যালিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর ফিরোজ উল হাসান। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন বিভাগের প্রায় দুইহাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রশাসনের উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে আবারো র্যাগিং বিরোধী র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকেই নতুন ব্যাচের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।