রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন বার্তা

১৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ PM
বগুড়ার ফাহিম ফয়সাল

বগুড়ার ফাহিম ফয়সাল © সংগৃহীত

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পেয়েছিলেন বগুড়ার ফাহিম ফয়সাল। চার বছর ধরে অপেক্ষা, প্রস্তুতি আর পরিশ্রমের পর পছন্দের ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়ে স্বপ্ন পূরণের আশা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক এই শিক্ষার্থী। তবে বুধবার রাতে প্রকাশিত নিয়োগের গেজেটে স্থান হয়নি তার। এতে হতাশ হয়ে পড়েছেন ফাহিম ও তার পরিবারের সদস্যরা।

ফাহিম ফয়সালের বাড়ি বগুড়া মহানগরের কাটনারপাড়া এলাকায়। তিনি জানান, ৪৫তম বিসিএসের মেধাতালিকায় তার অবস্থান ছিল ৪০তম। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন না। তারপরও কেন গেজেটে তার নাম আসেনি, তা জানেন না তিনি।

ফাহিম বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি কোনো রাজনীতির সঙ্গেও জড়িত ছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম। মা-বাবা ভেঙে পড়েছেন। আমার মনের অবস্থাও ভালো নেই। আমি এই কয়েক বছরে অন্য চাকরির জন্যও চেষ্টা করিনি।’

বুধবার (১৪ অক্টোবর) রাতে ৪৫তম বিসিএসে নিয়োগের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেজেটে নিজের নাম না দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন ফাহিম।

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সহকারী পুলিশ সুপার (সুপারিশপ্রাপ্ত)। ঠিক কোন অপরাধে আমাকে গেজেট বঞ্চিত করা হলো, জানি না। রাষ্ট্রের সেটা স্পষ্ট করে জানাতে হবে। অপরাধ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দিতে হবে, যেন তার প্রায়শ্চিত্ত করতে পারি। আর যদি কোনো অপরাধ না থাকে, আমাকে আমার প্রাপ্য সুযোগ দেওয়া হোক।’

বিসিএসের প্রস্তুতির সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘অনার্স রেজাল্ট হওয়ার আগেই ২০২২ সালে ৪৫তম বিসিএসের সার্কুলার পাই। প্রথম বিসিএস, আবেগও ছিল তুঙ্গে। কীভাবে দিনরাত এক করে পরিশ্রম করেছি, কাছের লোকেরা দেখেছে।’

প্রথম বিসিএসেই পছন্দের ক্যাডারে সুপারিশ পাওয়ায় পরবর্তী বিসিএসগুলোর প্রস্তুতি আর এগিয়ে নেননি বলে জানান ফাহিম। তার ভাষ্য, ৪৬তম ও ৪৭তম বিসিএসেও তার অংশ নেওয়ার সুযোগ ছিল। সেসব পরীক্ষায় লিখিত ও মৌখিক ধাপে অংশ নিলে হয়তো আরও চাকরি পেতে পারতেন। তবে অন্য চাকরিপ্রার্থীদের কথা বিবেচনা করে তিনি সেদিকে এগোননি।

এ বিষয়ে ফাহিম লেখেন, ‘প্রথম বিসিএসে পছন্দের ক্যাডার পেয়ে যাওয়ায় আর কোনো বিসিএসে অগ্রসর হইনি। আমারও পাইপলাইনে ৪৬, ৪৭ ছিল। ভাইভা/রিটেন দিলে যে প্রিপারেশন ছিল, হয়তো আরও চাকরি পেতাম। বেকারদের কথা মাথায় রেখে কাউকে বঞ্চিত করতে চাইনি। সেই আমিই আজ বঞ্চিত।’

চার বছরের অপেক্ষা ও পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত নিয়োগ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘২০২২ থেকে ২০২৬, চারটি বছর পর এই বিসিএসের সব ধাপ পার করে আজ আমি খালি হাতে ফিরছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে অনার্স মাস্টার্স করে বিদেশ না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে আমি মনে করতাম। যদিও কাছের অনেকেই আমাকে বারবার সতর্ক করেছিল—এদেশে মেধার মূল্য নাই। ভালো থাক বাংলাদেশ।’

প্রসঙ্গত, ৩২২ দিনের অপেক্ষার পর বুধবার (১৪ অক্টোবর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করে সরকার। এতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের তালিকা থেকে বাদ পড়েছেন ১০৫ জন। ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। দীর্ঘসূত্রতার কারণে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষা শেষ হতে সময় লাগে ২০২৪ সালের ২৪ নভেম্বর পর্যন্ত।

পরে গত বছরের ৬ নভেম্বর ক্যাডার পদে মোট ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তাদের মধ্যে বুধবার ১ হাজার ৭০২ জনের নিয়োগের গেজেট প্রকাশ করেছে সরকার। তবে চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেটে নাম না থাকায় অনিশ্চয়তায় পড়েছেন ফাহিম ফয়সালের মতো প্রার্থীরা।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫জনই নারী, একজন শিশু—জানা…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ছাত্রদল নেতার স্ত্রী স্কুলশি…
  • ১৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬