আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্বে জায়গা পেল ২৪টি প্রকল্প © টিডিসি ছবি
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার অব ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন (আইইউবি৩৬০)-এর উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড (i2i)’-এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মোট ২৪টি উদ্ভাবনী প্রজেক্ট ও প্রোটোটাইপ দল ইনকিউবেশন পর্যায়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
‘ইনোভেশন টু ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড – ফেজ ২: দ্য স্টার্ট অব ইনকিউবেশন জার্নি’ শীর্ষক অনুষ্ঠানে ২৪টি নির্বাচিত দল এবং তাদের জন্য মনোনীত ১২ জন করপোরেট ও শিল্প বিশেষজ্ঞদের (মেন্টর) পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রতিটি মেন্টরকে দুটি করে দলের সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হুসেইন, ট্রাস্টি আইভি হক রাসেল, উপাচার্য অধ্যাপক এম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লান্ড। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী আট মাস ধরে নির্বাচিত দলগুলো তাদের প্রজেক্ট এবং প্রোটোটাইপগুলোকে বাজারে নিয়ে যাওয়ার উপযোগী বা বাণিজ্যিক রূপ দিতে মেন্টরদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। এই ইনকিউবেশন পর্বে অংশগ্রহণকারীরা মেন্টরশিপ, কৌশলগত নির্দেশনা, শিল্প খাতের সংযোজন এবং প্রাতিষ্ঠানিক সহায়তা পাবেন। আগামী বছর ‘শার্ক ট্যাংক’ পর্বে চূড়ান্তভাবে বিজয়ী দলগুলোর মধ্যে ১০ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হবে।
আইইউবি ট্রাস্টি বোর্ডের উদ্যোগে শুরু হওয়া এই উদ্যোগটি আইইউবি ৩৬০-এর পরিচালক ড. সাদিয়া বিনতে আলমের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। এই প্রোগ্রামে কৌশলগত উপদেষ্টা হিসেবে ড. জোয়াও ফিয়ালহো, অ্যাওয়ার্ড রিকগনিশন লিড হিসেবে আতিফ এম সাফি এবং ইন্ডাস্ট্রি মেন্টর লিড হিসেবে নাশিদ আলী দায়িত্ব পালন করছেন।
এর আগে আগস্ট-সেপ্টেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত প্রথম ধাপে মোট ৫৮টি দলের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ৯ সদস্যের একটি নির্বাচন কমিটির চুলচেরা মূল্যায়নের পর ২৪টি দলকে ইনকিউবেশনের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে ৭টি দলের নেতৃত্বে রয়েছেন শিক্ষকবৃন্দ এবং ১৭টি দলের নেতৃত্বে শিক্ষার্থীরা।
ইনকিউবেশন পর্বে নির্বাচিত প্রজেক্টগুলোর মধ্যে ৬টি স্বাস্থ্য ও প্রতিবন্ধী সহায়তা প্রযুক্তি (যেমন: ইইজি চালিত হুইলচেয়ার, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এআই ইনডোর নেভিগেশন), ৬টি জলবায়ু, সবুজ শক্তি ও পরিবেশ (যেমন: নদী পর্যবেক্ষণ, বায়ুর মান নিয়ন্ত্রণ), ৩টি কৃষি ও জীবিকা, ৪টি ই-কমার্স ও ডিজিটাল অর্থনীতি এবং ৫টি প্রজেক্ট প্রযুক্তি, তথ্য নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষার ওপর কাজ করছে।
উল্লেখ্য, আইইউবি ৩৬০ তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবভিত্তিক সমাধানের রূপ দিতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সহায়তা ও মেন্টরশিপ প্রদান করে আসছে।