ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন © সৌজন্যে পাওয়া
বর্ণাঢ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আফতাবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, প্রশাসনের সকল স্তরের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও এলামনাইদের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী পর্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
পরে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক ড. অনিন্দিতা পাল, কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন, প্রাক্তন শিক্ষার্থী(এলামনাই) প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য ড. রুবানা হক। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর। অনুষ্ঠানে সাবেক উপাচার্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস এবং বিগত তিন দশকের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণার বিভিন্ন অর্জন তুলে ধরেন। একইসাথে আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করার নানা দিকনির্দেশনা ও রূপরেখা প্রদান করা হয়।
আলোচনা পর্বের মাঝে মাঝে এবং সবশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এলামনাই, এবং শিক্ষকবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।