ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য ফাঁস, অভিযোগ ব্ল্যাকমেইল ও ফল পরিবর্তনেরও

১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ AM
ইউক্যাম হ্যাক করে ব্যক্তিগত ছবি, ভিডিও  ও সংবেদনশীল তথ্য ফাঁস

ইউক্যাম হ্যাক করে ব্যক্তিগত ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য ফাঁস © টিডিসি সম্পাদিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম (ইউক্যাম) হ্যাক করে ব্যক্তিগত ছবি, ভিডিও, জাতীয় পরিচয়পত্রের ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া এসব তথ্য ব্যবহার করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল এবং অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে ইউক্যাম পোর্টালে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল পরিবর্তনের অভিযোগ সামনে এসেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও কার্যকর সমাধান না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩১ অক্টোবর ইউক্যাম পোর্টাল ও বিশ্ববিদ্যালয়ের এডুকেশন মেইল-সংশ্লিষ্ট নিরাপত্তাব্যবস্থায় অননুমোদিত প্রবেশের মাধ্যমে অন্তত ১২ জন শিক্ষার্থীর ব্যক্তিগত ছবি ও সংবেদনশীল তথ্য ইউক্যামের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। এছাড়া আরও প্রায় ৪০ জন শিক্ষার্থীর ছবি ও ব্যক্তিগত তথ্য বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ছবি, ফোন নম্বর, ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত নথি রয়েছে বলে দাবি তাদের।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ইউক্যাম ও এডুকেশন মেইল থেকে সংগ্রহ করা ছবি ও ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যক্তিগত বার্তা পাঠিয়ে হুমকি এবং ব্ল্যাকমেইল করা হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের এডুকেশন মেইল ব্যবহার করেননি, এমন ব্যক্তিরাও এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ভুক্তভোগী সাবেক শিক্ষার্থী মাহমুদা খানম (রিমি) জানান, ৩১ অক্টোবর ইউক্যাম পোর্টাল হ্যাক করে তার ব্যক্তিগত ছবিসহ আরও ১২ জন নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করা হয়। একই সঙ্গে চতুর্থ সমাবর্তনে আবেদনকারী শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র, ফোন নম্বর, ঠিকানাসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য ফাঁস করা হয়েছে বলে তার অভিযোগ।

তিনি বলেন, আমি হিজাব মেনে চলি। আমার সম্মতি ছাড়া মুখের অবয়বসহ ব্যক্তিগত ছবি প্রকাশ করা আমার গোপনীয়তা, ধর্মীয় মূল্যবোধ ও নিরাপত্তার ওপর চরম আঘাত। অন্তত ৪০ জন শিক্ষার্থীর তথ্য ফাঁস হয়েছে এবং এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির খবরও পাওয়া গেছে। ঘটনার চার দিন পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানালেও এখন পর্যন্ত কোনো লিখিত জবাব বা কার্যকর পদক্ষেপ পাননি বলে অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিএসই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক সাবেক শিক্ষার্থী জানান, ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নিজের ব্যক্তিগত মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করেছিলেন। প্রায় পাঁচ-ছয় বছর পর ওই ই-মেইল অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত ছবি এবং দম্পতির কিছু ছবি হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাননি বলেও জানান তিনি। 

শিক্ষার্থীদের দাবি, ২০২২ সাল থেকেই ইউক্যাম পোর্টালকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে হ্যাকিং, তথ্য ফাঁস ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা ঘটছে। সাম্প্রতিক ঘটনার সঙ্গে আগের ঘটনাগুলোর কৌশল ও ধরনের মিল রয়েছে বলেও অভিযোগ তাদের। একাধিকবার একই ধরনের ঘটনা ঘটার পরও কেন স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা যায়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

ঘটনার পর শিক্ষার্থীরা কয়েক দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।প্রথম দুই থেকে তিন দিন প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে ইউক্যাম পোর্টালের ক্যাশ ফাইল ও সংশ্লিষ্ট ডেটা মুছে পোর্টালটি রক্ষণাবেক্ষণের আওতায় নেওয়া হয়। পরবর্তী সময়ে পোর্টালটি আবার চালু করা হলেও তথ্য ফাঁসের উৎস শনাক্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক অগ্রগতি পাননি তারা।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১২ নভেম্বর কয়েকজন শিক্ষার্থী ও একজন ভুক্তভোগী সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের ভাষ্য, ওই বৈঠকেও প্রশাসনের পক্ষ থেকে আরও কিছুদিন সময় চাওয়া হয়। তবে তদন্তের নির্দিষ্ট সময়সীমা, ভুক্তভোগীদের নিরাপত্তা কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ব্যক্তিগত তথ্য ফাঁসের পাশাপাশি ইউক্যাম পোর্টালে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল পরিবর্তনের অভিযোগও সামনে এসেছে। একাধিক শিক্ষার্থীর দাবি, বিভিন্ন সময়ে তাদের ফলাফলে পরিবর্তন বা অসংগতি দেখা গেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও সন্তোষজনক সমাধান পাননি তারা। এ ধরনের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগের ও পরের ফলাফলের রেকর্ড, সিস্টেম লগ এবং অনুমোদিত পরিবর্তনের নথি পরীক্ষা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু হাসান ভূঁইয়া বলেন, এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অবগত। এ বিষয়ে পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ভাটারা থানায়। পাশাপাশি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এ বিষয়টির সমাধান হবে, আমরা কাজ করছি।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950