নেতানিয়াহু ও আইজেনকট © সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু 'আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না'। একই সঙ্গে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
রোববার (১৫ নভেম্বর) নিজের প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে এই কঠোর মন্তব্য করেন ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট। জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তিনি এ বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, 'বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরায়েলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।'
এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের ঠিক আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।
প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের কাছে একটি 'কথিত' গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেন। ওই গোয়েন্দা নেতানিয়াহুর দপ্তরের সাবেক কর্মী ছিলেন।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট কেনার জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তারও করা হয়।
নির্বাচনের দিনজুড়ে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান। দলগুলো নির্বাচনে রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করার পর নেতানিয়াহু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো ভিত্তি পাওয়া যায়নি।
পরে 'কথিত' ওই গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে পুলিশ গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে ছেড়ে দেয়।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। এ জন্য তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে আবেদন করেন। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক সেনাপ্রধান আইজেনকট দ্রুত তদন্তের দাবি জানান। তিনি বলেন, 'আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত তথ্যগুলোর বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেয়ার দাবি করছি।'
তবে আইজেনকটের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটি বিরোধীদলীয় নেতার এই মন্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 'চরম উসকানি' বলে অভিহিত করেছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে 'বর্ণবাদী ও সহিংস' প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি আবারও আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি নেতানিয়াহুর প্রস্তাবকে 'ধোঁকাবাজি' বলে উড়িয়ে দেন।
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, বিরোধী নেতার তদন্তের দাবি এবং দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।