খুর্শেদ এলিনর বিদ্যা নিকেতন © টিডিসি ছবি
ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে বিদ্যালয়ের ভেতর থেকে এক নারীসহ স্কুলের নৈশপ্রহরী ও আরও দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মুসুল্লি ইউনিয়নের চংভাদেরা গ্রামের খুর্শেদ এলিনর বিদ্যা নিকেতন নামের একটি এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন একই এলাকার ইব্রাহিম (৪০)। তার প্রশ্রয়ে শনিবার রাত ১০টার দিকে ওই বিদ্যালয়ে এক নারীকে নিয়ে আশ্রয় নেন একই ইউনিয়নের মাইজহাটি গ্রামের সোহেল (৪৫) ও তার অজ্ঞাতপরিচয় এক সহযোগী।
বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিদ্যালয়টি ঘেরাও করেন। পরে কয়েকজন বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। একপর্যায়ে নৈশপ্রহরীর জন্য বরাদ্দ কক্ষের খাটের নিচ থেকে ওই নারীকে বের করে আনেন তারা।
এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীসহ তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নৈশপ্রহরী ইব্রাহিম এর আগেও একাধিক এমন ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁরা খবর পেয়েছিলেন। তবে সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি।
প্রধান শিক্ষক আরও জানান, গত এপ্রিল মাসে অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে ইব্রাহিমকে লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তিনি সতর্ক হননি। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা তাঁকে দুই সহযোগী ও এক নারীসহ হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন।