ইইই বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রাম ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত) অ্যাক্রেডিটেশন নবায়ন উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর আয়োজন © টিডিসি ছবি
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রাম ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত) অ্যাক্রেডিটেশন নবায়ন উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর আয়োজন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রাম এর আগে ধারাবাহিকভাবে দুইবার ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশনের অন্তর্ভুক্ত ছিল। এ বছর তৃতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের ইইই প্রোগ্রামের এই অ্যাক্রেডিটেশন নবায়ন হয়েছে। এর ফলে ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত আরও ছয় বছরের জন্য প্রোগ্রামটি এই আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে এ অর্জনকে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দিনব্যাপী আয়োজনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. রেজওয়ান খান। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল হুমায়ুন।
অনুষ্ঠানের শুরুতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। তিনি ইইই বিভাগের এই অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন একটি প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষ ও গুণগত মানের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন।
এরপর বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি ইইই বিভাগের তৃতীয়বারের মতো আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশন নবায়নকে ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অর্জন শুধু একটি বিভাগের নয়; বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. রেজওয়ান খান ইইই বিভাগের অ্যাক্রেডিটেশন নবায়নের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, দক্ষতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দক্ষ প্রকৌশলী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের পর তাঁর বক্তব্য থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন। ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান শিক্ষার্থীদের শপথ পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা হাত উঁচিয়ে শপথে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ইইই বিভাগ ও ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক ড. এম. রেজওয়ান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি অধ্যাপক ড. এম. রেজওয়ান খান ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমাদ সোবহানী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এর মধ্য দিয়ে ইইই বিভাগের তৃতীয় আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশন নবায়নের এই বিশেষ অর্জনকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।