৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষা শেষে  আগামী ২৪ সেপ্টেম্বর নিয়োগপত্র পাচ্ছেন যোগদানের অপেক্ষায় থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক  সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো থেকে নতুন শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হবে। নয়টি শর্তে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশকৃত এবং প্রাথমিকভাবে নির্বাচিত নিম্নোক্ত প্রার্থীগণকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল: টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩) বেতনক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে ৯টি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।

শর্তসমূহ: 

১. যোগদানের তারিখ থেকে ২(দুই) বৎসর পর্যন্ত চাকুরিকাল শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে; 

২. শিক্ষানবিশকালে কর্মদক্ষতা, আচরণ ও সন্তোষজনক চাকুরির রেকর্ড সাপেক্ষে বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে এবং শিক্ষানবিশকালে যে কোন ধরণের অসদাচরণের জন্য কোন কারণ দর্শানো ব্যতিরেকেই চাকরি হতে অপসারণ করা যাবে;

৩. শিক্ষানবিশকালে কোন ধরণের বদলির আবেদন করা যাবে না;

৪. শিশুকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না, করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে;

৫. নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃক যে কোন সময়ে সরবরাহকৃত যে কোন তথ্য ও সনদপত্র মিথ্যা/ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে এ নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং প্রচলিত আইনের বিধান অনুযায়ী তাঁর/তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে;

৬. নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে যোগদানের পর সরকার নির্ধারিত ০২ (দুই) মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে;

৭. অন্যূন ০৪ (চার) বৎসরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ গ্রহণে ব্যর্থ হলে কিংবা অনুত্তীণ হলে তার চাকরি স্থায়ী করা হবে না এবং চাকরি বিধি অনুসারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে;

৮. চাকরিতে যোগদানকালে তাঁকে যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজে বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না;

৯. এ নিয়োগ আদেশে সুনিদিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ ক্ষেত্রে তাঁর চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে হবে। আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন তারা। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগকৃত শিক্ষকগণ বেতন-ভাতাদি 'প্রাতিষ্ঠানিক কোড নং ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ'-এর বেতন ভাতাদি খাত হতে প্রাপ্য হবেন। 

খসড়া নিয়োগপত্র দেখুন

 

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস: শি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬