প্রাথমিকের মধ্যবয়সী থেকে অবসরের মুখে প্রায় দেড় লাখ শিক্ষক, নিয়োগের প্রস্তুতি অধিদপ্তরের

২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ PM
প্রাথমিক বিদ্যালয়ে তরুণ শিক্ষকের তুলনায় মধ্যবয়সী বেশি

প্রাথমিক বিদ্যালয়ে তরুণ শিক্ষকের তুলনায় মধ্যবয়সী বেশি © সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাঠামোয় মধ্যবয়সী শিক্ষকদের আধিক্য। বর্তমানে কর্মরত পৌনে ৪ লাখ শিক্ষকদের মধ্যে ১ লাখ ৯ হাজার ৪২৭ জনের বয়স ৪৬ থেকে ৫৫ বছরের মধ্যে। এ ছাড়া ৫৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ২৪ হাজার ৮২৪ জন। ফলে আগামী কয়েক বছরে বিপুলসংখ্যক শিক্ষক অবসরে যাওয়ায় নতুন করে শূন্য পদ তৈরির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবসর, পদোন্নতি ও নতুন নিয়োগের হিসাব সমন্বয় করে পরবর্তী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনস্টিটিউশনাল প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (আইপিইএমআইএস) সর্বশেষ তথ্য বিশ্লেষণে শিক্ষকদের বয়সভিত্তিক এ চিত্র পাওয়া গেছে।

অবসরের মুখে ২৪ হাজারের বেশি শিক্ষক
শিক্ষকদের বয়সভিত্তিক পরিসংখ্যান প্রাথমিক শিক্ষা খাতের ভবিষ্যৎ জনবল ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, একটি নির্দিষ্ট বয়সের পর শিক্ষকদের অবসরে যাওয়ার কারণে বিদ্যালয়গুলোতে পদ শূন্য হয়। সময়মতো এসব পদে নতুন শিক্ষক নিয়োগ না হলে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে যেসব বিদ্যালয়ে শিক্ষকসংখ্যা আগে থেকেই কম, সেখানে অবসরজনিত শূন্যতা বাড়তি চাপ তৈরি করতে পারে।

আইপিইএমআইএসের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ২৪ হাজার ৮২৪ জন। তাঁদের মধ্যে যাঁরা অবসরের বয়সসীমার কাছাকাছি, তাঁরা আগামী কয়েক বছরের মধ্যে অবসরে যাবেন। এ ছাড়া ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন। তাঁরাও আগামী বছরগুলোতে অবসরের বয়সসীমার কাছাকাছি পৌঁছাবেন।

তরুণ শিক্ষকের তুলনায় মধ্যবয়সী বেশি
একটি শিক্ষাব্যবস্থায় অভিজ্ঞ ও তরুণ শিক্ষকদের সমন্বয় গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ শিক্ষকদের দীর্ঘদিনের পাঠদানের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা যেমন শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখে, তেমনি তরুণ শিক্ষকদের অন্তর্ভুক্তি নতুন শিক্ষাপদ্ধতি, প্রযুক্তি ও সমসাময়িক ধারণার প্রয়োগে সহায়ক হতে পারে। তাই শিক্ষক কাঠামোয় বিভিন্ন বয়সী শিক্ষকের ভারসাম্য থাকা প্রয়োজন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ২৪ হাজার ৮২৪ জন। তাঁদের মধ্যে যাঁরা অবসরের বয়সসীমার কাছাকাছি, তাঁরা আগামী কয়েক বছরের মধ্যে অবসরে যাবেন। এ ছাড়া ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন। তাঁরাও আগামী বছরগুলোতে অবসরের বয়সসীমার কাছাকাছি পৌঁছাবেন।

আইপিইএমআইএসের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ৮২ হাজার ৭২৬ জন। ৩৬ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৫৭ জন। বিপরীতে ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন। দুই বয়সসীমার শিক্ষকের সংখ্যার ব্যবধান ২৬ হাজার ৭০১। অর্থাৎ অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষকদের তুলনায় ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক বেশি।  

নারী শিক্ষক প্রায় ৬৭ শতাংশ
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এর মধ্যে ৫৯ দশমিক ৭২ শতাংশ আগে থেকেই সরকারি ছিল। অন্যদিকে ৪০ দশমিক ১৮ শতাংশ বিদ্যালয় পরবর্তী সময়ে জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্য্যলয়ে শিক্ষক কাঠামোতেও নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আইপিইএমআইএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৭৩০ জন। তাঁদের মধ্যে নারী ২ লাখ ৪৮ হাজার ৯৭৩ জন এবং পুরুষ ১ লাখ ২৩ হাজার ৭২৭ জন। সে হিসাবে মোট শিক্ষকের প্রায় ৬৬ দশমিক ৮ শতাংশ নারী এবং ৩৩ দশমিক ২ শতাংশ পুরুষ।

অবসর ও নিয়োগে সমন্বয় করার যে পরিকল্পনা অধিদপ্তরের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবসরজনিত শূন্য পদের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। কারণ, নির্দিষ্ট সময় পরপর বিপুলসংখ্যক শিক্ষক অবসরে গেলে বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে অবসরের সম্ভাব্য সময় ও বিদ্যালয়ভিত্তিক শিক্ষক চাহিদা বিবেচনায় নিয়ে আগাম নিয়োগ পরিকল্পনা করা প্রয়োজন। একই সঙ্গে নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকলে অবসরে যাওয়া শিক্ষকদের শূন্য পদ যথাসময়ে পূরণ করা কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সে অনুযায়ী ইতিমধ্যে পরবর্তী নিয়োাগের জন্য প্রস্তুতিও নিচ্ছে।

এ বিষয়ে অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতির সঙ্গে সহকারী শিক্ষক নিয়োগের হিসাবও যুক্ত। পদোন্নতি সম্পন্ন হলে সহকারী শিক্ষক পদে নতুন করে শূন্যতা তৈরি হবে। পাশাপাশি মৃত্যু ও অবসরজনিত কারণেও প্রতিনিয়ত পদ শূন্য হচ্ছে। ফলে বর্তমান শূন্য পদের সংখ্যা এবং পদোন্নতির পর সম্ভাব্য শূন্য পদের হিসাব সমন্বয় না করে নিয়োগের প্রকৃত চাহিদা নির্ধারণ করা কঠিন। তবে ধারনা করা যায়, এই সংখ্যা ৫০ হাজার বা তার বেশিও হতে পারে।

তিনি  আরও বলেন, উপজেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে মোট শূন্য পদের সংখ্যা নির্ধারণ করতে হবে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এ হিসাব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর শূন্য পদের প্রকৃত সংখ্যা বিবেচনায় নিয়ে পরবর্তী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে ডিসেম্বরের মধ্যে শূন্য পদের হিসাব পাওয়া গেলেও ওই সময়ের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমন নিশ্চয়তা নেই।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডের। বিদ্যমান নিয়োগবিধি অনুযায়ী, এ পদের ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৮০ শতাংশ সহকারী শিক্ষকদের মধ্য থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে পূরণ করার বিধান রয়েছে। প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভূমিকা রয়েছে।

অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন পদোন্নতি ও জ্যেষ্ঠতা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় প্রধান শিক্ষক পদে শূন্যতা পূরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এখন জ্যেষ্ঠতা নির্ধারণের আইনি ভিত্তি স্পষ্ট হওয়ায় পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের বিপুলসংখ্যক পদ শূন্য। পদোন্নতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। বিপুলসংখ্যক শিক্ষকের জ্যেষ্ঠতা ও চাকরিসংক্রান্ত তথ্য যাচাইয়ের কারণে এ প্রক্রিয়ায় সময় লাগতে পারে। তাই আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শূন্য পদের তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শূন্য পদের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সরাসরি নিয়োগের প্রক্রিয়া এগোলে সহকারী শিক্ষক পদে নতুন করে কতটি শূন্যতা তৈরি হবে, তা নির্ধারণ করা সহজ হবে। এ কারণে নতুন সহকারী শিক্ষক নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করার আগে প্রধান শিক্ষক পদ-সংক্রান্ত প্রক্রিয়ার অগ্রগতিও বিবেচনায় রাখছে অধিদপ্তর।

শূন্য পদ বেশি হলে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তির উদ্যোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে ১ হাজার ৪৭১ জন নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে বাদ পড়েন বা যোগদান করেননি। এ ছাড়া ৮৩ জন শেষ পর্যন্ত নিয়োগ পাননি। ফলে সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জনের সবাই বিদ্যালয়ে যোগ দেননি। সেখানেও কিছু পদ শূন্য রয়েছে।

অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদানের পরও যেসব পদ শূন্য রয়েছে, সেগুলোর সংখ্যা বেশি হলে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হবে। সে ক্ষেত্রে পরপর দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন হতে পারে। তবে এ সিদ্ধান্ত নির্ভর করবে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে, তার ওপর।

অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, অনেক উপজেলায় সহকারী শিক্ষকের পদ শূন্য থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে দেরি করা যাবে না। কারণ এতে পাঠদান ব্যাহত হবে। তবে কয়েকটি উপজেলায় অল্পসংখ্যক পদ শূন্য থাকলে তা বিবেচনায় নেওয়া হবে। কারণ কয়েকটি উপজেলার অল্পসংখ্যক শূন্য পদের জন্য আলাদা করে এত ব্যয়বহুল নিয়োগ আয়োজন করা কঠিন।

তার মতে, নিয়োগের ক্ষেত্রে শুধু মোট শূন্য পদের সংখ্যা নয়, কোন কোন উপজেলায় কতটি পদ খালি রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। কোথাও শিক্ষকসংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হলে সেখানে দ্রুত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা তৈরি হবে। তাই মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের পরই নতুন নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২২ নভেম্বর ২০২৬
রামেক ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে লিমন-মাহবুবুল
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিকের মধ্যবয়সী থেকে অবসরের মুখে প্রায় দেড় লাখ শিক্ষক, …
  • ২২ নভেম্বর ২০২৬